নির্মাণাধীন পায়রা সেতু
কাজল বরণ দাস, পটুয়াখালী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১ পিএম
পটুয়াখালী-মির্জাগঞ্জ রুটে পায়রা নদীর ওপর নির্মাণ হওয়ার কথা ছিল ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালী-মির্জাগঞ্জ রুটে পায়রা নদীর ওপর নির্মাণ হওয়ার কথা ছিল ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি সেতু। ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪২ কোটি টাকা। কিন্তু দীর্ঘ দিন ধরে জরুরি এই সেতুর কাজ থমকে আছে।
নদীর দুই পাড়ের মানুষ স্বপ্ন বুনেছিল বিপুল অর্থ ব্যয়ে এই সেতু হলে-তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কেটে যাবে। পটুয়াখালী থেকে পিরোজপুর হয়ে খুলনা ও মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। কৃষকের উৎপাদিত পণ্য দ্রুত ও কম খরচে পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে। সহজ হবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত। জরুরি রোগীকে দ্রুত নেওয়া যাবে বরিশাল কিংবা ঢাকায়।
পটুয়াখালী শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে পায়রাকুঞ্জ এলাকায় নির্মাণাধীন সেতুটির কাজ বছরের পর বছর ধরে থমকে আছে। নির্মাণস্থলে পড়ে থাকা যন্ত্রপাতিতে ধরেছে মরিচা। অর্ধনির্মিত অবকাঠামো দাঁড়িয়ে আছে আগের মতোই। সেতুর অপেক্ষায় দিন গুনছেন নদীর দুই পাড়ের মানুষ।
২০২০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সেতুর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় এক হাজার ৪২ কোটি টাকা। ২০২৩ সালের শেষ নাগাদ নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণ শেষ হয়নি। বরং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ বন্ধ হয়ে যায়। এরপর আর শুরু হয়নি। বর্তমানে প্রকল্পটির আর্থিক অগ্রগতি মাত্র ২০ শতাংশ এবং ভৌত অগ্রগতি ২৬ শতাংশ।
পায়রা নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শেষ করা গেলে পটুয়াখালী থেকে পিরোজপুর হয়ে খুলনা ও মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সময় কম লাগার পাশাপাশি পরিবহন ব্যয়ও কমে আসবে।
বিশেষ করে মির্জাগঞ্জ উপজেলা, পটুয়াখালী সদর, বরগুনা, বেতাগী, বামনাসহ আশপাশের এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারবেন। কিন্তু সেতু না থাকায় এখনও নদী পারাপারের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে।
মির্জাগঞ্জের সুবিদখালীর ব্যবসায়ী সামসু মিয়া বলেন, পাইলিংয়ের যন্ত্রপাতি আসার পর তিনি আশাবাদী হয়ে উঠেছিলেন। তার ভাষায়, যেদিন পাইলিংয়ের যন্ত্রপাতি এসেছিল, সেদিন খুব খুশি হয়েছিলেন তিনি। তার মনে হয়েছিল, হয়ত দুর্ভোগের দিন শেষ হতে চলেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী পারাপারের কারণে উৎপাদিত পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় বেড়ে যায়। অনেক সময় পণ্য দ্রুত বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন তারা।
মির্জাগঞ্জের কৃষক শচীন দাস বলেন, সেতু থাকলে আমাদের পণ্য সরাসরি বাজারে নিতে পারতাম। এখন দুই কিলোমিটার দীর্ঘ নদী পার হতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। সেতুটি চালু হলে পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসত।
অন্যদিকে সেতু না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নদীর দুই পাড়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং কিংবা পরীক্ষায় অংশ নিতে নদী পার হতে হয় অনেক শিক্ষার্থীকে। নৌযানের সময়সূচি অনিয়মিত হওয়ায় অনেক সময় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। বর্ষা কিংবা বৈরী আবহাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের কাছে সেতুটি শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি জরুরি চিকিৎসার সঙ্গেও সরাসরি যুক্ত একটি বিষয়। গুরুতর অসুস্থ রোগীকে বরিশাল কিংবা ঢাকায় নিতে হলে প্রথমেই নদী পার হওয়ার চিন্তা করতে হয় স্বজনদের। ফেরির জন্য অপেক্ষা করতে হলে মূল্যবান সময় নষ্ট হয়। আবার জরুরি পরিস্থিতিতে স্পিডবোট কিংবা অন্য নৌযান নিতে গেলে গুনতে হয় বাড়তি টাকা।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে, প্রকল্পটির জটিলতা শুরু হয়েছিল অনুমোদনের আগেই।
২০১২ সালে সেতুটির সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা সম্পন্ন করা হয়। কিন্তু এরপর ওই এলাকার ভৌগোলিক অবস্থা, মাটির প্রকৃতি, জলবায়ু, ভূমিকম্পের ঝুঁকি এবং আর্থসামাজিক বাস্তবতায় পরিবর্তন আসে।
ফলে প্রকল্প বাস্তবায়নের সময় নতুন করে নকশা তৈরির প্রয়োজন দেখা দেয়। প্রকল্পটি ডিজাইন-বিল্ড মডেলে বাস্তবায়ন করা হচ্ছিল। মূল সমীক্ষা ও দরপত্রের নথিতে থাকা ঘাটতির কারণে ঠিকাদার ও পরামর্শকের মধ্যে নকশা নিয়ে বিরোধ তৈরি হয়। এর ফলে অনুমোদন প্রক্রিয়াও দীর্ঘায়িত হয়।
প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেনের দাবি, প্রকল্পের কাজ থেমে থাকার মূল কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থসংকট।
তবে প্রকল্প পরিচালকের অভিযোগ নাকচ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মীর আক্তার গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফারহান খান চৌধুরী। তিনি ইচ্ছাকৃতভাবে কাজ পিছিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মূল সমস্যা নকশা নিয়ে। নকশা এখন ‘আংশিক অনুমোদিত’ হয়েছে। পাশাপাশি প্রকল্পের কাজের পরিধি বাড়ায় অতিরিক্ত ব্যয় বা ‘কস্ট ভ্যারিয়েশন’ নিয়েও এখনও সমাধান হয়নি। তিনি আশাবাদী নকশা চূড়ান্ত অনুমোদন পেলে কাজ আবার শুরু হবে এবং কাজ অনুযায়ী সরকারও অর্থ পরিশোধ করবে।