আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৯ পিএম
প্রতীকী ছবি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা নামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।
উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে শুক্রবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত মাহিদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে একটি বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করেন তার চাচা জাহিদুল।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে মাহিদার মা মনিরা বেগম চিকিৎসকের কাছে যাওয়ার সময় দুই মেয়েকে বাড়িতে রেখে যান। পরে মাহিদাকে খুঁজে না পেয়ে জাহিদুলের ঘরে গিয়ে অচেতন অবস্থায় দেখতে পান।
তার চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তারা।
ঘটনার পর স্থানীয় লোকজন জাহিদুলের বাড়িতে ভাঙচুর করে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে
ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে। তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।