× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী কারাগারে

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

নাটোরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আট বছর বয়সী এক শিশুর আঙুল বঁটি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

নাটোরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আট বছর বয়সী এক শিশুর আঙুল বঁটি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

নাটোরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আট বছর বয়সী এক শিশুর ডান হাতের আঙুল বঁটি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী। তিনি জানান, মামলার তদন্ত চলছে।

সদর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

ভুক্তভোগী শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলা করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় শিশুর মা বিষয়টি মীমাংসা করে দেন।

মিলনের অভিযোগ, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে বঁটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেন। শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন ওই কনস্টেবল। তার দাবি, শিশুটি তার চার বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়ন করেছে। এরপর তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই বাসা ছেড়ে চলে যান।

এ বিষয়ে ওসি মনসুর আলী বলেন, মেয়েশিশুটির মা-বাবা লিখিত কোনো অভিযোগ দেননি। তারা মৌখিকভাবে মেয়েকে নিপীড়নের অভিযোগ করেছিলেন। শিশুদের কর্মকাণ্ডকে কেন্দ্র করে বড়দের প্রতিক্রিয়ার বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা