মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০২ পিএম
মঠবাড়িয়ায় মাদক সেবনের অপরাধে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক সেবনের অপরাধে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রম্যমাণ আদালত।
একই সঙ্গে দণ্ডিত যুবকদের এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের সাজা দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেনÑ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটা উপজেলার জসিম উদ্দিন খান ও পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া মহল্লায় গোপনে মাদক সেবন করা হচ্ছেÑ এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। এ সময় হাতেনাতে চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন। আদালত পরিচালনা করেন উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী। ইউএনও রাব্বী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।