মনিরামপুর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৯ পিএম
মনিরামপুরে হরিহর নদের তীরে অবস্থিত ‘মনিরামপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের মনিরামপুরে হরিহর নদের তীরে অবস্থিত ‘মনিরামপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। সদ্য খননকৃত নদের পাড় ধসে পানির চাপে মাদ্রাসার বহুতল ভবনের মেঝের মাটি সরে যাওয়ায় ভবনটি হেলে পড়েছে।
তার ওপর ভবনের বিম, দেয়াল, মেঝেসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ফলে ভবনটি যেকোনো মুহূর্তে নদীতে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ দিকে নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীদের ওই ভবনে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, মনিরামপুর পৌরশহরের মোহনপুরে হরিহর নদের তীরে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয় মনিরামপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি। সেই থেকে একটি দ্বিতল ভবন তৈরি করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। তবে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধির কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ২০১২ সালে পাঁচতলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণ করা হয়।
পরবর্তীতে ২০২২ সালে ভবন সম্প্রসারণ করে দুই ও তিনতলা নির্মাণ করা হয়। এ ভবনের প্রথম তলায় প্রশাসনিক দপ্তর এবং দুই ও তিন তলায় শ্রেণিকক্ষসমূহে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। এ ভবনের পেছনে হরিহর নদ। গত জানুয়ারি মাসে নদটি পুনঃখনন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহ জানান, নদের পাড়টি ভেঙে মাদ্রাসা ভবনের পিছনের মেঝে থেকে মাটি সরে গেছে। ভবনটি ইতোমধ্যে নদের দিকে হেলে পড়েছে। তার ওপর ভবনের মেঝে, দেয়াল, বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে।
সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভবনটি পরিদর্শন শেষে জানান, ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন সম্পর্কে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খানসহ অন্য কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী জানান, মাদ্রাসা ভবনের পেছনে নদের পাড়টি স্লোপ না করায় পানির চাপে সেটি ভেঙে গিয়ে ভবনের মেঝের মাটি সরে পড়েছে। ফলে বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, জরুরি ভিত্তিতে প্যালাসাইটিং করে পাড়টি পুনর্নির্মাণ করতে হবে।
আর এজন্য বরাদ্দ চেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু জানান, নিরাপত্তার কথা ভেবে এ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে অন্যত্র পাঠদান করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম জানান, এ মুহূর্তে প্যালাসাইটিং করে ভেঙে যাওয়া ভবন পুনর্নির্মাণ করতে হবে।