প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪ পিএম
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে খন্দকার আব্দুল্লাহ বাসার নামের স্থানীয় এক সংবাদকর্মীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে খন্দকার আব্দুল্লাহ বাসার নামের স্থানীয় এক সংবাদকর্মীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন। দণ্ডপ্রাপ্ত খন্দকার আব্দুল্লাহ বাসার কোটচাঁদপুর উপজেলার বাজেমানদহ গ্রামের শামসুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৯টি ইয়াবাসহ জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জাহিদুল পুলিশকে জানান, খন্দকার আব্দুল্লাহ বাসার সাংবাদিকতার আড়ালে খুচরা মাদক কারবারিদের মাধ্যমে ইয়াবা বিক্রি করান। এরপর পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ বাসারকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে বাসারের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানো হলে তার ফলাফল পজিটিভ আসে।
পরে তাদের ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে আব্দুল্লাহ বাসারকে দেড় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন। সাজা ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খন্দকার আব্দুল্লাহ বাসার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে।