জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২ পিএম
কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে যৌথ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি চক্র মূর্তি দুটি নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জের দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।
বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দইহারা গ্রামের একটি বাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তি দুটি উদ্ধার করা হয়। পরে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এগুলোর মান যাচাই করা হয় এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়। বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ১৬ কেজি ৮৭০ গ্রাম।
বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী মূর্তি দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।