বিরামপুর সীমান্ত। ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ সময় দুই নারী ও এক পুরুষকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাকি ছয়জনের সন্ধান পাওয়া যায়নি।
বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০-এস সীমানা পিলারসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর বাড়িতে ওই রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সুযোগে সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন।
তাদের মধ্যে দুই নারী ও এক পুরুষ স্থানীয় একটি বিয়েবাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে বিজিবিকে বিষয়টি অবগত করা হয় বলেও জানান তারা।
পরে বিজিবি সদস্যরা খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন। স্থানীয়দের দাবি, এ সময় মিজানুর রহমান বাড়ি থেকে পালিয়ে যান।
এদিকে, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আজিজুল ইসলাম নামে এক যুবককে বিজিবির এক সদস্য মারধর করেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শুকুর আলী বলেন, ভারত থেকে আসা ৯ জনের মধ্যে ছয়জনকে আজিজুল ইসলাম ও মিজানুর রহমানের সহযোগিতায় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, “বিএসএফ দুই নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল। আমরা তাদের ব্যাক করে দিয়েছি। অনেকেই অনেক কিছু বলবে। আমি স্পটে থেকে যা বলছি, সেটাই সঠিক।”
এর আগে গত ২৫ জুলাই একই সীমান্ত দিয়ে আমেদাবাদ থেকে আসা ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ বলে জানিয়েছিল স্থানীয় সূত্র।