× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বছরে খোকসায় তিন ওসি পরিবর্তন

ঘুষ-অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের সঙ্গে সখ্যতার অভিযোগ

ইফতেখার মাশরুর গালিব, খোকসা (কুষ্টিয়া)

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৩ পিএম

বিগতদিনে খোকসা বাজার ব্যবসায়ীরা চাঁদাবাজ ওসির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিগতদিনে খোকসা বাজার ব্যবসায়ীরা চাঁদাবাজ ওসির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসা থানায় গত দুই বছরে পরপর তিনজন ওসিকে ঘুষ বাণিজ্য, অনিয়ম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও সন্ত্রাসীদের সঙ্গে সখ্যতার অভিযোগে প্রশাসনিকভাবে বদলি বা প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেনকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন। তিনি জানান, সাবেক ওসি মোল্লা জাকির হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি থানা ছাড়ার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খোকসায় কয়েকজনের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটে। স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, পুলিশ ও গ্রাম পুলিশের কয়েকজন সদস্যের মধ্যেও এ নিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মোল্লা জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা গ্রহণে অনীহা, অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সুবিধা দেওয়ার অভিযোগ।

স্থানীয়দের আরও অভিযোগ, মোল্লা জাকির হোসেন দায়িত্ব নেওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হন। শিমুলিয়া ইউনিয়নের কালীশংকরপুরে প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, একতারপুর বাজারে পাঁচটি দোকানে লুটের ঘটনা, ওসমানপুর ইউনিয়নের দেবিনগরে জোড়া হত্যাকাণ্ড এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজুর ওপর হামলার মতো ঘটনাগুলো নিয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সেপ্টেম্বরের শুরুতে একতারপুর বাজারে তিনটি স্বর্ণের দোকানসহ পাঁচটি প্রতিষ্ঠানে লুটের ঘটনা ঘটে। ব্যবসায়ী ও নৈশপ্রহরীদের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের বেঁধে রেখে লুটপাট চালায়। তবে পুলিশ ঘটনাটিকে ডাকাতি নয়, চুরি হিসেবে উল্লেখ করেছিল।

সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজু অভিযোগ করেন, মোল্লা জাকির হোসেনের সঙ্গে এলাকার কিছু চিহ্নিত অপরাধীর যোগসাজশ ছিল। তার দাবি, বিভিন্ন মাদক স্পট ও অপরাধীদের কাছ থেকে গ্রাম পুলিশের মাধ্যমে নিয়মিত অর্থ আদায় করা হতো।

এর আগে খোকসা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা শেখ মইনুল ইসলামকেও বদলি করা হয়। তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি ও বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়াও বিএনপির এক সমাবেশে জোর গলায় বলেছিলেন, ৫ আগস্ট না হলে আমি ওসি হতে পারতাম না। সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে তাকে খোকসা থেকে বদলি করে রাজবাড়ীর পাংশা থানায় দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি পাংশা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পরে যোগদান করা ওসি মোতালেব হোসেনকে ঘিরে একজন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ ওঠে। ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বর্ষণ লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধনও করেন। পরে পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে মোতালেব হোসেনকে খোকসা থানা থেকে প্রত্যাহার করা হয়।

এদিকে সর্বশেষ ওসি মোল্লা জাকির হোসেনের দায়িত্বকালেও পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। চলতি সেপ্টেম্বরেই একটি ঘটনায় হেলিকপ্টারে করে এলাকায় আসা এক আদম ব্যবসায়ীকে ওসি ও তদন্ত কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, অথরিটি চাইলে যে কোনো সময় বদলি করতে পারেন। দুর্নীতি বা কোনো কিছু প্রমাণিত না হলে আমরা বলতে পারব না।

সব মিলিয়ে, গত দুই বছরে খোকসা থানায় পরপর তিন ওসির পরিবর্তন স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। একের পর এক অভিযোগের প্রকৃত কারণ, পুলিশের অভ্যন্তরীণ তদন্ত হয়েছে কি না এবং অভিযোগগুলোর বিষয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না-তা এখন খোলাসা হওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা