× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের গৌরব হারানোর পথে

আবদুল্লাহ আল-মামুন, ফেনী

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২১ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আইসিটি নির্ভর পলিটেকনিক ইনস্টিটিউট ‘ফেনী কম্পিউটার ইনস্টিটিউট’। এটি প্রতিষ্ঠায়  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ অবদান ছিল। একটা সময়ে এটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আইসিটি বিষয়ে শেখা ও জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীরা ভিড় করতেন, এখন আর তেমনটা দেখা যায় না।

এর কারণ এখানে প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নেই। এমন কি শিক্ষার্থীদের খেলাধূলার জন্য কোনো মাঠ নেই। ৬৩ জন শিক্ষকের পদ থাকলেও মাত্র ১৮ জন দিয়ে কোনরকম পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ এ ইনস্টিটিউটে। বছরের পর বছর প্রতিষ্ঠানটি সংকট কাটিয়ে উঠতে না পারায় বিশেষত্ব হারাতে বসেছে। তবে জনবল নিয়োগ, অবকাঠামোগত সংস্কার করা হলে এটি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে অনেকে মনে করেন। 

জানা যায়, ফেনী শহরতলীর রানীরহাটের পশ্চিম পাশে দুই একর জমিতে ২০০৩ সালে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয়। ২০০৬ সালের ৭ জুন সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইনস্টিটিউটটির উদ্বোধন করেন। ওই বছরই এ প্রতিষ্ঠানে সর্বপ্রথম ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজী এবং কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজীর ওপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হন। পরে এ প্রতিষ্ঠানে টেলিকমিউনিকেশন টেকনোলজীতে ডিপ্লোমা চালু করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীর চাপ বেশি থাকায় এক পর্যায়ে এ প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু করা হয়। এতে পড়ুয়া শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে আইসিটি সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। অনেকেই উদ্যোক্তা হয়ে দেশের ডিজিটাল কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছেন। দেশের আইসিটি সেক্টরকে এগিয়ে নিতে এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা কর্মজীবনে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। 

বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩টি বিষয়ে ৪ বছর মেয়দী ডিপ্লোমা কোর্সে ১২০০ জন শিক্ষার্থী রয়েছেন। মূল ক্যাম্পাসে একটি পাঁচতলা ভবন রয়েছে। যেখানে শ্রেণীকক্ষ, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ রুম, এবং ল্যাবরেটরী, কম্পিউটার ল্যবরেটরী কার্যক্রম রয়েছে। 

এখানে প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। এছাড়াও এখানে দুটি আবাসিক হল রয়েছে। একটি ছেলেদের অন্যটি মেয়েদের। ছেলেদের হলটি পাঁচ তলার এবং এতে ১২০ আসন রয়েছে। মেয়েদের হলটি  চারতলার। এতে রয়েঠে ৮০ আসন। এর বাইরে এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রশাসনিক ভবন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এটিতে ৬৩ জন শিক্ষকের মধ্যে কর্মরত রয়েছে মাত্র ১৮ জন শিক্ষক। শূন্যপদ রয়েছে ৪৫টি। তার মধ্যে ২ জন উপাধ্যক্ষের পদই শূন্য। চিফ ইন্সট্রাক্টরের ১০ পদের বিপরীতে কর্মরত মাত্র ২ জন। ২৬ জন ইন্সট্রাক্টরের জায়গায় আছেন ৫ জন। জুনিয়র ইন্সট্রাক্টরের ২৬টি পদ থাকলেও আছেন ১১ জন। 

শুধু তাই নয়। বিশেষায়িত এ প্রতিষ্ঠানে ৯৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ২৫ জন দিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বছরের পর বছর শূন্য পড়ে আছে ৭৪টি পদ। তার মধ্যে ক্রাফট ইন্সপেক্টরের ৬৮ পদের মধ্যে মাত্র ১০ জন কাজ করছেন। 

পোস্ট থাকলেও বছরের পর বছর পদায়িত হননি মেডিকেল অফিসার, ফার্মার্সিস্ট, হিসাব রক্ষক, স্টোর কিপার, ড্রাফটম্যান, অফিস সহকারী, ক্যাশ সরকার, সহকারী বাবুর্চি, বুক সর্টার, গার্ডেনার।   

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে ২০১২ সালে শুরু হওয়া স্কিলস ফর ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টটি ২০১৯ সালে শেষ হলে ১৫ জন শিক্ষককে কলেজে সংযুক্ত করা হয়। ২০২০ সালের জুন পর্যন্ত তাদের বেতন-ভাতাও পরিশোধ করা হয়। কিন্তু এরপর থেকে দীর্ঘ ৬ বছর যাবত তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। কলেজ থেকে যৎসামান্য টাকা তাদের দেওয়া হচ্ছে। তবে যাতায়াতের জন্য কোনো খরচ দেওয়া হয় না। ইতোমধ্যে ২ জন শিক্ষক চাকরি ছেড়েছেন। বাকী ১৩ শিক্ষক এখনও প্রতিষ্ঠানটির মায়া ছাড়তে পারেননি। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। 

এদিকে কলেজের নামে দুই একর জমি সড়ক ও জনপথ বিভাগ থেকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হলেও এখন পর্যন্ত তার কবুলিয়াত দলিল হয়নি। অধ্যয়নরত ১২শ শিক্ষার্থীর জন্য খেলার মাঠ প্রস্তুত করতে আরও এক একর জমি বন্দোবস্ত করা হলেও বরাদ্ধের অভাবে সেটিও পড়ে আছে পরিত্যাক্ত অবস্থায়। এছাড়াও কলেজটি প্রতিষ্ঠার দেড়যুগ পার হলেও কলেজের সামনে নির্মাণ করা হয়নি যাত্রী ছাউনি। যার কারণে রোদ ও বৃষ্টিতে শিক্ষার্থীরা পরিবহনের জন্য অপেক্ষা করতে গিয়ে নানা সমস্যায় পড়েন। 

কলেজ কর্তৃপক্ষ জানায়, দেশের বিশেষায়িত আইসিটি নির্ভর এ প্রতিষ্ঠানটির সমস্যাগুলো যেমন দীর্ঘ হচ্ছে। তেমনই নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। তুলনামূলকভাবে শিক্ষক থাকা সত্ত্বেও এবং চাহিদা থাকার পরও ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ডেটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজীতে শিক্ষার্থী ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হয়। কলেজটিতে ইলেক্ট্রিকেল টেকনোলোজী ও সিভিল টেকনোলোজী চালু করতে পারলে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটির গুরুত্ব আরও বাড়তো। 

কলেজের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে সমস্যার শেষ নেই। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সংকটের পাশাপাশি এটিতে গভীর নলকূপ না থাকায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। কলেজের সামনেই ফেনী-ছাগলনাইয়া সড়ক। এ সড়কে কলেজের শতশত শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘক্ষণ পরিবহনের জন্য শিক্ষার্থীরা রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকেন। কিন্তু রাস্তার পাশে যাত্রীছাউনী না থাকায় বৃষ্টি ও রোদে কষ্টের সীমা থাকেনা। এখানে সহস্রাধিক শিক্ষার্থী থাকলেও খেলাধূলার কোনো মাঠ নেই। যার কারণে শিক্ষার্থী ও আবাসিকে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া বিমুখীতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও ১২শ শিক্ষার্থীর এ কলেজে মাত্র ১৩০ জন আবাসিকে থাকার সুযোগ পেয়েছেন। আবাসিকে সিট না পাওয়ায় শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন মেসে ভাড়া ও বাসাবাড়িতে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে নানা সমস্যা রয়েছে। এগুলো দূর করা যায়, এ ব্যাপারে সরকারের দায়িত্বশীলদের উদ্যোগী হতে হবে।

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, অপ্রতুল শিক্ষক-কর্মচারী, অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠানটি চলছে। আমরা খুবই আশাবাদী, দায়িত্বশীলরা এটির যাবতীয় সমস্যার দ্রুত সুরাহা করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা