নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬ পিএম
নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সংঘর্ষ চলে। ইনসেটে পুড়িয়ে দেওয়া একটি মোটরসাইকেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে এ সংঘর্ষ চলে।
এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুঁজকরা গ্রামের একটি কারখানা ও কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দুই পক্ষের সংঘর্ষের কারণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার হাতিমারা গ্রামের এক দম্পতি নাথেরপেটুয়া পুরোনো বাজার এলাকায় একটি অস্থায়ী মেলায় যান। সেখানে ওই নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে পুঁজকরা গ্রামের কয়েকজন যুবকের বিরুদ্ধে।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার নাথেরপেটুয়া বাজার এলাকায় ওই নারীর স্বজনদের সঙ্গে পুঁজকরা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর ও মহসীন নামের দুই যুবকের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তাদের মারধর করা হয় বলে স্থানীয়রা জানান। এর জেরে বৃহস্পতিবার সকালে মাইকিং করে দুই গ্রামের লোকজন জড়ো হলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় পুঁজকরা গ্রামের আল মামুন কনজুমার ফ্যাক্টরি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
একই গ্রামের সুমনের বাড়িতেও হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
অন্যদিকে হাতিমারা গ্রামের কয়েকটি দোকান ও বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুঁজকরা গ্রামের আল মামুন কনজুমার ফ্যাক্টরির ব্যবস্থাপক রাকিব বলেন, “হঠাৎ হাতিমারা গ্রামের প্রায় ২০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। তারা একটি মোটরসাইকেলে আগুন দেয় এবং অফিসের বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
হাতিমারা গ্রামের দোকান মালিক মিলন প্রশ্ন তুলে বলেন, “আমাদের কী অপরাধ। কোনো ঘটনা ঘটলেই পুঁজকরা গ্রামের লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। আজও দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল নিয়ে গেছে।”
নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) জাহাঙ্গীর আলম বলেন, নারীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
পুলিশ গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেয়- এমন দাবি করে তিনি জানান, পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, সংঘর্ষের কারণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।