ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৮ পিএম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর
ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০)
তিনি দুবাই থেকে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়রা
ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতালায় উঠে ভাঙচুর
করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়ে স্থানীয়রা
বিষয়টি পুলিশকে জানালে ভাণ্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর আজম খানের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া
থানায় মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩৫ থেকে ৪০
জনকে আসামি করা হয়েছে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার
সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভাঙচুর ও
অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।