গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে অটোমেশন সফটওয়্যারের 'সফট লঞ্চ' অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে গাজীপুর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসেবা অটোমেশন সফটওয়্যারের সফট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে নগরবাসী ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের আবেদন, প্রয়োজনীয় তথ্য প্রদান, ফি পরিশোধ এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ভার্চুয়ালি সফটওয়্যারটির আনুষ্ঠানিক সফট লঞ্চ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।
অনুষ্ঠানে জানানো হয়, অটোমেশন ব্যবস্থার ফলে সিটি করপোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি নাগরিকরা মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নির্ধারিত ফি বা বিল পরিশোধ করতে পারবেন।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমকে সমন্বিত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, বর্তমানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের আওতায় আনা হলেও ভবিষ্যতে সিটি করপোরেশনের অন্যান্য নাগরিক সেবাকেও একই ধরনের ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রয়োজন অনুযায়ী মোবাইল অ্যাপ চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিকরা যাতে ঘরে বসেই ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের সেবা সহজে পান, সে লক্ষ্যেই ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। এতে নাগরিকদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী আব্দুল বারেকসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট কারিগরি দলের সদস্য এবং স্পেকট্রাম আইটি সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।