রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ পিএম
রায়গঞ্জ উপজেলায় গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। এসব চেকিং পয়েন্টে পুলিশ, গ্রামপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন।
পুলিশ জানায়, রাতের বেলায় এসব পয়েন্ট দিয়ে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী করা হচ্ছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ।
এ সময় দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামানসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।