পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪ পিএম
পানছড়ি সাব জোনে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির পানছড়িতে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৮ জন পাহাড়ি-বাঙালি প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পানছড়ি সাব জোনে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের সক্ষমতা তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণপ্রাপ্তরা প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণার্থীরা জানান গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে তারা উপকৃত ও আনন্দিত। অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় প্রয়োজনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ পানছড়ি সাব জোন কমান্ডার মেজর এস এম তানভীর এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।