কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৬ পিএম
গত বুধবার রাত ১০টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে দাউদকান্দি মডেল থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার দাউদকান্দিতে দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮ জন কিশোরকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর।
এদিকে থানার সামনে ওইসব কিশোর ও তাদের অভিভাবকদের একটি হট্টগোলের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা জানান, আটক কিশোরদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকাল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয়রা দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে আটক রাখা কিশোরদের কয়েকজন একপর্যায়ে ওই কক্ষের চেয়ার-টেবিল ও দরজা ভেঙে বের হয়ে যায়। পরে আটক কিশোরদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সদস্যদের ভাষ্যমতে আটক সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাই তাদের আটক করে থানায় আনা হয়। এদিকে ঘটনাস্থলে এসে দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে উত্তেজিতদেরকে শান্ত করার চেষ্টা করেন। দাউদকান্দি মডেল থানার ওসি বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাঘুরির কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের স্বজনরা একসঙ্গে এলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনকে যাচাই-বাছাই চলছে।
এদিকে কুমিল্লা জেলা পুলিশের অফিসিয়াল পেজে জানানো হয়েছে, কুমিল্লা জেলার প্রত্যেকটি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
এই অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।