ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৮ পিএম
ভোলা জেলা ও দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলায় মুঠোফোনের জন্য রেদোয়ান রাসেল নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।
দণ্ডপাওয়া ব্যক্তিরা হলেন মো. সুজন ও মো. ইলিয়াছ। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. তৈয়ব এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে কিশোর রেদোয়ান রাসেল তার বাবার হাওলাদার বাজারের মুদিদোকানে ছিল। ওই সময় মুঠোফোনে কথা বলার কথা বলে প্রতিবেশী সুজন তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। পরে সুজন ও ইলিয়াছ মিলে তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।
রেদোয়ান রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। নিখোঁজের দুদিন পর ৩০ ডিসেম্বর দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে সিদ্দিক মালের বাড়ির সামনে এক কিশোরের মরদেহ পাওয়ার খবর পান তারা। পরে ভোলার গোরস্থানে গিয়ে রেদোয়ানের বাবাসহ পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উদ্ধারের সময় নিহত কিশোরের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল।