গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১ পিএম
খেয়াঘাটে বেঁধে রাখা নৌকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খেয়াঘাট আছে, নৌকা আছে; কিন্তু ঘাটে পৌঁছানোর পথ নেই। জোয়ারে পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক, আর ভাটায় সেখানে জমে প্রায় হাঁটুসমান কাদা।
বাধ্য হয়ে সেই কাদা মাড়িয়েই খেয়ায় উঠতে হয় কয়েক গ্রামের শত শত মানুষকে। কখনও আবার অন্যের বাড়ির ওপর দিয়ে ঘুরে যেতে হয় ঘাটে।
বছরের প্রায় সাত মাস ধরে এভাবেই দুর্ভোগ পোহাচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাঝের খেয়াঘাট ব্যবহারকারীরা।
এ বিষয়ে স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় প্রতিবেদকের।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও স্থায়ী সমাধান হয়নি।
মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এই ঘাট। শিক্ষক-শিক্ষার্থী, রোগী, শিশু, বয়স্ক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ পথে যাতায়াত করেন, দাবি তাদের।
জোয়ারের পানি বাড়লে সংযোগ পথ ডুবে যায়। ভাটা হলে তৈরি হয় হাঁটুসমান কাদার বিড়ম্বনা। ফলে অনেকে বিকল্প পথে বা অন্যের বাড়ির ওপর দিয়ে ঘুরে ঘাটে পৌঁছান বলেও দাবি করেন তারা।
টিয়াখালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার দোকানদার আব্দুর রহমান সিকদার বলেন, “জোয়ারের সময় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। ছোটবেলা থেকেই রাস্তার এমন অবস্থা দেখে আসছি। অথচ শিক্ষক, শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করেন। রাস্তা উঁচু করে দিলে সমস্যার সমাধান হবে।”
মিঠাগঞ্জ বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নেছার উদ্দিন বলেন, “জোয়ারের সময় খেয়া পার হতে হলে কাপড় অনেক ওপরে তুলতে হয়। নারীদের জন্য বিষয়টি বিব্রতকর। আবার ভাটায় হাঁটুসমান কাঁদা পেরিয়ে ঘাটে উঠতে হয়।”
খেয়াযাত্রী হানিফ সিকদার বলেন, “দুই পাড়েই সমস্যা রয়েছে। তবে উত্তর পাড়ের অবস্থা বেশি খারাপ। বেড়িবাঁধ থেকে খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি উঁচু করে নির্মাণ করা হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।”
খেয়াঘাটের মাঝি মো. জাহাঙ্গীর আলম বলেন, “জোয়ারে ঘাটে আসার পথ পানিতে ভরে যায়, আর ভাটায় হাঁটুসমান কাঁদা থাকে। মানুষজন ঠিকমতো চলাচল করতে পারে না। অনেক সময় যাত্রী না থাকায় সারাদিন বসে থাকতে হয়।”
মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা সিকদার বলেন, “তিন বছর ধরে এখানে চাকরি করছি। কলাপাড়া শহর থেকে প্রতিদিন বিদ্যালয়ে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগীদের দুর্ভোগ বেশি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কলাপাড়া শহর থেকে আসেন। এ ছাড়া এলাকায় দুটি মাদ্রাসা ও একটি উচ্চবিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষককেও এই খেয়া ব্যবহার করতে হয়।”
“সংযোগ সড়ক উঁচু করা ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিষয়টি সমাধানের জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি”, বলেন তিনি।
এ বিষয়ে কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “এই খেয়াঘাটে জোয়ারে পানি বেড়ে গেলে তলিয়ে যায়, আবার ভাটায় কাঁদায় ভরে যায়।”
তিনি বলেন, “সংযোগ সড়কটি মাটি দিয়ে উঁচু করা দরকার। ফান্ডিংয়ের জন্য এটা আমি সামনের উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে উত্থাপন করব।”