শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৯ পিএম
সাপের দংশনের শিকার মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে গেলেন বাবা। শুধু মেয়েকেই নয়, যে সাপটি দংশন করেছে, সেটিকেও জীবিত ধরে ব্যাগে ভরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন তিনি।
শেরপুরের নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
দংশনের শিকার তরুণীর নাম রিয়া মনি (২০)। তিনি ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে রিয়া মনিকে সাপে দংশন করার পর সময় নষ্ট না করে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। পরে মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নয়।
তবে রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সাপ উদ্ধারকর্মী কাঞ্চন মিস্টার মারাক বলেন, এ সময়ে ঘরের ভিতর অনেক সাপ আশ্রয় নিতে পারে। এতে আতংকিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে।
রিয়া মনির পরিবার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ায় তাদের সচেতনতার প্রশংসাও করেন তিনি।