কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৮ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ খন্দকারকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।
বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাজ্জাদকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানানো হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে কোটালীপাড়ার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে সুমন মোল্লা (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ স্কুলে এসে তাকে ডেকে নিয়ে মারধর করেন।
পরে ওই ছাত্রীকে ডেকে নিয়ে তার কাছ থেকে বিষয়টি জানতে চাইলে সে বিরক্ত করার অভিযোগ অস্বীকার করে। এ সময় সাজ্জাদ সুমনকে মারধরের বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে স্কুল ত্যাগ করেন বলে অভিযোগ করেন সুমন।
ঘটনার পরদিন সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাজ্জাদকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
সুমনের খালু সায়েম কাজী বলেন, “স্কুলের ভেতরে একজন কিশোর শিক্ষার্থীকে কেন মারধর করা হলো, সেটি তদন্ত হওয়া দরকার। স্কুল শিক্ষার্থীদের নিরাপদ জায়গা।”
তিনি জানান, সুমনের বাবা-মা আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে সুমন ও তার ছোট ভাই হাসুয়া গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।
অভিযোগের বিষয়ে সাজ্জাদ খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।