প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫০ পিএম
রাজবাড়ীর পাংশায় কাতার প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে মিলন শেখ নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষককে যাবজ্জীবন, রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, নবীগঞ্জে শিশুকে ধর্ষণ মামলায় দুই কিশোরের ৩ বছর করে জেল ও ঈশ্বরগঞ্জে মা-বাবার অভিযোগে মাতাল ছেলেকে কারাদণ্ড ও দিয়েছেন আদালত। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
ভুক্তভোগী শিশুটি একটি বাকপ্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নবিয়ার রহমানের ছেলে।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওই দিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোবাইলে ছবি দেখানোর কথা বলে বাক্প্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে যান তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।’
নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।
পুলিশের তদন্ত শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় কাতার প্রবাসীর স্ত্রী রুনা খাতুনকে (৩০) হাত, পা বেঁধে রেখে হত্যার অভিযোগে মিলন শেখ (২৭) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মিলন শেখ পাংশা উপজেলার মুচিদহ খামারডাঙ্গী গ্রামের খলিল শেখের ছেলে। নিহত রুনা খাতুন পাংশা উপজেলার মুচিদহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী।
বুধবার দুপুরে রাজবাড়ী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় প্রদান করেন।
হত্যার ঘটনায় ২০২৩ সালের ২০ আগস্ট রুনা খাতুনের বড় ভাই মো. রায়হান বিশ্বাস বাদী হয়ে মিলনসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বাদী রায়হান বিশ্বাস বলেন, আমি আমার ছোট বোনের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট। অন্যান্য আসামির সঠিক বিচার আশা করছি।
আসামি মিলনের স্ত্রী চম্পা খাতুন বলেন, আমি এখন দুই সন্তান নিয়ে কোথায় যাব, কী খাব। ন্যায়বিচার পেলাম না, আমার স্বামী নির্দোষ। আমি আপিল করব।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মো. নাজমুল হাসান বলেন, আসামি ন্যায়বিচার পায়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি অ্যাড. আইয়ুব আলী খান বলেন, এ মামলায় ৩ আসামির মধ্যে একজনের রায় আজ হলো। দুইজনের বিচার শিশু আদালতে হচ্ছে। আজকের রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচার পেয়েছে বাদী।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় মা-বাবাকে মারধর ও নির্যাতনের অভিযোগে বেলাল মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বেলাল মিয়া উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকার, এএসআই শামসুজ্জোহা এবং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপস্থিত ছিলেন। অভিযানে বেলাল মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।