× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা না দেওয়ায় বদলে দেওয়া হয় পরীক্ষার্থীর ওএমআর শিট, মামলা

রংপুর অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪ পিএম

গঙ্গাচড়া মডেল থানা। ছবি: সংগৃহীত

গঙ্গাচড়া মডেল থানা। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় টাকার বিনিময়ে দাখিল পরীক্ষার্থীদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর বলে দেওয়া এবং টাকা না দেওয়ায় এক পরীক্ষার্থীর ওএমআর শিট বদলে দেওয়ার অভিযোগে চার মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক মো. মোশারফ হুসেন।

মামলার আসামিরা হলেন গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও দাখিল পরীক্ষা-২০২৬-এর সহকারী কেন্দ্র সচিব মো. আব্দুল বাকী ওরফে লিটন, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. অলিউল্লাহ এবং ধনতোলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খলিল।

মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থী মো. হাবিবুল বাশার মুবিন গঙ্গাচড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন।

২০ মে পরীক্ষা চলাকালে প্রথম আসামি আব্দুল বাকী পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সরবরাহ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

এজাহারে আওর উল্লেখ করা হয়েছে, মুবিন টাকা দিয়ে উত্তর নিতে অস্বীকৃতি জানালে লিটনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরীক্ষা শেষে মুবিনের বহুনির্বাচনী অংশের ওএমআর শিট পরিবর্তন করে অন্য একটি শিট শিক্ষাবোর্ডে পাঠানো হয়।

১০ আগস্ট দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর মুবিন দেখতে পান, অন্যান্য বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞান বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। পুনঃমূল্যায়নের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন তিনি।

পরে বোর্ড কর্মকর্তাদের উপস্থিতিতে তার জীববিজ্ঞান বিষয়ের লিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী অংশের ওএমআর শিট পর্যালোচনা করা হলে মুবিন দাবি করেন, ওএমআর শিটটি তার নয়।

এরপর বোর্ডের রেজিস্ট্রারের অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি পরীক্ষার্থীর আবেদন, উত্তরপত্র, ওএমআর শিট, হাজিরা শিটসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে।

এতে হাজিরা শিটে থাকা ওএমআর শিটের স্বাক্ষরের সঙ্গে বোর্ডে জমা দেওয়া শিটের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়।

এ ছাড়া হাজিরা শিটে মুবিনের ওএমআর শিটের প্রকৃত সিরিয়াল নম্বর ২৫০০৫৮৬০২০ থাকলেও বোর্ডে জমা দেওয়া শিটের সিরিয়াল নম্বর ২৫০১৫৭৫১৫৩ পাওয়া যায়।

মামলার দুই নম্বর আসামি মো. রোকনুজ্জামান বলেন, “হঠাৎ বোর্ড থেকে ফোন করে জানানো হয়, ওএমআর পরিবর্তন হয়েছে। এ বিষয়ে তো আমি কিছু জানি না। এরপর আমাদের বোর্ডে ডাকা হয়।”

অভিযোগকারী শিক্ষার্থী হাবিবুল বাশার মুবিন বলেন, “পরীক্ষার দিন পরীক্ষা শেষে তাদের সবাইকে থাকতে বলা হয়। এরপর তাদের কাছে টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে লিটন হুজুর তার ওপর ক্ষুব্ধ হয়।”

মামলার বাদী মো. মোশারফ হুসেন বলেন, “বোর্ডের লিখিত আদেশের কারণে থানায় মামলা করেছি। বোর্ডে পাঠানো কাগজপত্র দেখে মনে হয়েছে, শিক্ষার্থীটির সঙ্গে অন্যায় করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তারর করা গেলে এ ঘটনার সাথে কারা কারা জড়িত তা জানা যাবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা