× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেএমজে অ্যাপে বেশি লাভের আশায় পুঁজি বিনিয়োগ, উধাও প্রতারক চক্র

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬ পিএম

ভুয়া মোবাইল অ্যাপ 'জেএমজে'-এর প্রচারণামূলক ইন্টারফেস। ছবি: সংগৃহীত

ভুয়া মোবাইল অ্যাপ 'জেএমজে'-এর প্রচারণামূলক ইন্টারফেস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জেএমজে নামের একটি মোবাইল অ্যাপে বিনিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

শুরুতে নিয়মিত লভ্যাংশ দিয়ে আস্থা অর্জনের পর হঠাৎ অ্যাপের কার্যক্রম বন্ধ করে অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়ে যায় সংশ্লিষ্টরা। এতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার কয়েকশ বিনিয়োগকারী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পরিকল্পিতভাবে গ্রাহক সংগ্রহ করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১ নভেম্বর নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা ৯ নম্বর ওয়ার্ডে সিনেমা হল সংলগ্ন একটি কক্ষ ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে চক্রটি। স্থানীয় কুরাটি গ্রামের ইছমত জাহান তাপসী নামে এক নারীর মাধ্যমে ‘জেএমজে’ অ্যাপটির প্রচারণা চালানো হয়।

মূলত স্মার্টফোন ব্যবহারকারী তরুণ-তরুণীসহ এলাকার সাধারণ মানুষকে টার্গেট করে বিনিয়োগে আকৃষ্ট করা হতো। গ্রাহকদের বলা হতো, ৩ হাজার টাকা বিনিয়োগে প্রতি সপ্তাহে ১৫৪ টাকা, ২৫ হাজার টাকা বিনিয়োগে ৪৮০ টাকা এবং সর্বোচ্চ ১৪ লাখ টাকা বিনিয়োগে প্রতি সপ্তাহে ৫৮ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ পাওয়া যাবে।

শুরুতে অ্যাপের মাধ্যমে সহজেই টাকা উত্তোলনের সুযোগ দিয়ে গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করে চক্রটি। পরবর্তীতে গ্রাহকদের বিশ্বাস বাড়াতে প্রায় দেড় মাস আগে চণ্ডীপাশা এলাকায় জেএমজে কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট সেন্টার নামে একটি নতুন অফিস চালু করা হয়। সেখানে নিয়মিত সভা, দামি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হতো। 

তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপের সার্ভারে জটিলতার কথা বলে গ্রাহকদের এড়িয়ে চলতে শুরু করে সংশ্লিষ্টরা। ২২ সেপ্টেম্বর কয়েকজন গ্রাহক অফিসে গিয়ে দেখতে পান, প্রধান ফটকে তালা ঝুলছে। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ভুক্তভোগীদের মধ্যে চরম উদ্বেগ শুরু হয়।

কিশোরগঞ্জের বাসিন্দা জুলহাস সুজন, স্থানীয় জুবায়ের হোসেন ও সুরাইয়া ইয়াসমিন বলেন, এই প্রতিষ্ঠানের সদস্য হতে জাতীয় পরিচয়পত্র বা ছবির প্রয়োজন হতো না। শুধু স্মার্টফোন ও নগদ টাকা দিলেই সদস্য হওয়া যেত। বেশি লাভের আশায় আমরা আমাদের জমানো পুঁজি বিনিয়োগ করেছিলাম। এখন অফিস তালাবদ্ধ, অ্যাপও বন্ধ।

অভিযোগের বিষয়ে স্থানীয় এজেন্ট হিসেবে উল্লেখ করা ইছমত জাহান তাপসীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা