মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮ পিএম
মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টয়লেটের ভেতরে মাংস ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরির প্রক্রিয়ায় অনিয়ম পাওয়া যায়। এমনকি টয়লেটের মধ্যে মাংস ধোয়ার বিষয়টিও নজরে আসে। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।