বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষা উপকরণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। একই অনুষ্ঠানে উপজেলার ২৬০ জন নারী শিক্ষার্থীর মাঝে সাইকেলও বিতরণ করা হয়।
বুধবার উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী সাকি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের হাতে স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন।
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খেলাধুলার সামগ্রীও বিতরণ করেই শেষ করেননিÑ এ সময় নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ এবং পড়াশোনায় উৎসাহিত করতে সাইকেল বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মূসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক ও সভাপতি শামীম শিবলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সাকি বলেন, স্কুল-কলেজের সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনো যোগ্যতার মাপকাঠি হতে পারে না। শুধু রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় প্রভাবের কারণে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবেনÑ এটি মেনে নেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে আসতে হলে শিক্ষিত, যোগ্য, দায়িত্বশীল এবং প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।