শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম
এনসিপি নেতা জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দিয়ে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহিদ মুন্সিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্য রাতে কালীগঞ্জ থানার পূবাইল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি এনসিপি কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। মামলা দায়েরের পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী ভুক্তভোগীর বড় বোন এজাহারে উল্লেখ করেন, ভিকটিম এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন-চার মাস আগে কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তার বোনের পরিচয় হয়। কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে একপর্যায়ে বিয়ের কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন জাহিদ। শিক্ষার্থী রাজি না হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভুক্তভোগীর মুখমণ্ডল বিভিন্ন অশ্লীল ছবিতে সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে জাহিদ তাকে গাজীপুর মহানগরীর পূবাইল (মিরের বাজার) এলাকার একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একইদিন বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে একাধিকবার ধর্ষণ এবং মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে।
বিষয়টি জানার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।