নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৩ পিএম
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসী একটি সুন্দর দেশ পাওয়ার আশা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর বাস্তবে তা হয়নি। এখনও বিগত সরকারের আমলের ধারাবাহিকতাই চলছে। বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে আগের মতো খুন, সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।
গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।
সভায় বুলবুল হত্যার বিচার দাবি করে তিনি বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিতে কালক্ষেপণ বা টালবাহানা করে, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।