কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১ পিএম
রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে বুধবার বিকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন। কুয়াকাটায় এসেও একই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুকিং করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে দুটি বিয়ে করেন। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল হাওলাদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪তম বিসিএস গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার করেছেন।
দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।