খুলনা অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ পিএম
খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় শিশুদের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, স্কুল থেকেই পলিথিন ও প্লাস্টিকবিরোধী আন্দোলনে শিশুদের নেতৃত্ব দিতে হবে। প্রতিটি স্কুলকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করার পাশাপাশি পরিবার ও সমাজেও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে।
বুধবার বিকালে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও উপকূলীয় শিশু ফোরাম যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
পরিবেশ রক্ষার কথা বলে নিজেরাই পলিথিন ব্যবহার করলে সেই অঙ্গীকারের কোনো মূল্য থাকে না জানিয়ে বাজারে পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় সাড়ে সাত হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৭০০টি বৈধ এবং বাকিগুলো অবৈধ। কোনগুলো বৈধতার যোগ্য, কোনগুলো সংশোধনের সুযোগ পাবে এবং কোনগুলো বন্ধ করতে হবে তা পর্যালোচনা করা হচ্ছে। ইটভাটার কারণে বায়ুদূষণের পাশাপাশি কৃষিজমির উর্বর মাটি নষ্ট হচ্ছে।
সমাপনী পর্বে উপকূলীয় শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা, সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণ এবং জলবায়ু কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানায়। শিশুদের পক্ষে বক্তব্য দেন রোজ বৈরাগী, মুন মন্ডল, দিশা মজুমদার, মনিরা সুলতানা রূপা ও আয়শা আক্তার মেঘলা।
অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।