খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে ওঠা সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য এম এন আবছারসহ প্রমুখ।
পাহাড়ি-বাঙালি নির্বিশেষে পিছিয়ে থাকা মানুষের কাছে সরকারি সেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসেবার সুযোগ তৈরি করতে হবে। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বিশুদ্ধ পানি, পরিবেশবান্ধব কোল্ড স্টোরেজ, ড্রাই ফ্রুটস ফ্যাক্টরিসহ স্থানীয় প্রয়োজনভিত্তিক প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে গুরুত্ব দিতে হবে।
তবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গবাদিপশু বিতরণ, মসজিদ-মন্দিরের দেয়াল সংস্কারসহ বিভিন্ন খাতে যাচাই-বাছাই করতে হবে। স্থানীয় সংসদ সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে প্রকৃত প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দিতে হবে।