কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০ পিএম
নিহত সিয়াম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কেরানীগঞ্জের মুহুরীপট্টি এলাকায় একটি ওয়াশিং কারখানায় মেশিনের রোলারে পেঁচিয়ে সিয়াম (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে আয়েশা ওয়াশিং মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের শওকত মিঞার ছেলে। সে ওই ওয়াশিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কারখানার একটি মেশিন বন্ধ থাকা অবস্থায় পরিষ্কার করছিলেন সিয়াম। এ সময় অসাবধানতাবশত কেউ মেশিনটি চালু করে দিলে মেশিনের রোলারে পেঁচিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসে এবং ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফনের চেষ্টা করে। এদিকে ঘটনার পর আয়েশা ওয়াশিং মিলটি বন্ধ করে মালিকপক্ষ সেখান থেকে চলে যায়। কারখানার মালিক আনোয়ার হোসেন অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে কারখানা মালিকের বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রেজাউল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি সত্য, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।