চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের ঘরে ফিরছে স্বস্তি। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বন্যায় ভেঙে যাওয়া ঘরের চাল, ধসে পড়া দেয়াল আর কাদামাটির মেঝে নিয়ে দিন কাটছিল বাঁশখালীর শত শত পরিবারের।
খোলা আকাশের নিচে রাত কাটানো, প্রতিবেশীর বাড়িতে সাময়িক আশ্রয়। এই ছিল তাদের নিত্যদিনের চিত্র। তবে এবার সেই দুর্বিষহ দিনের অবসান হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের ঘরে ফিরছে স্বস্তি। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা।
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী উপজেলার এই পরিবারগুলোকে দেওয়া হচ্ছে প্রতি
পরিবারকে ৩০ হাজার টাকা। এ হিসাবে মোট ব্যয় হচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
বৃহস্পতিবার
(২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে
আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে এই আর্থিক সহায়তার
চেক।
চট্টগ্রাম জেলা পরিষদ জানায়, সাম্প্রতিক বন্যায় জেলার প্রায় প্রতিটি উপজেলায় মানুষের
ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও গৃহনির্মাণে সহায়তার
অংশ হিসেবে জেলা পরিষদ প্রতিটি উপজেলায় এই উদ্যোগ নিয়েছে। বাঁশখালীতে সেই কর্মসূচির
আওতায় ৫১০ পরিবার পাচ্ছে এ সহায়তাÑ যা তাদের ভাঙা ঘর মেরামত করে আবার স্বাভাবিক জীবনে
ফিরতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেÑ স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলমের। অনুষ্ঠানে
সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত
পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক
জীবনে ফিরতে পারে, সে জন্য প্রতিটি উপজেলায় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাঁশখালীতে ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর পুনর্নির্মাণে সহায়তা দেওয়া
হচ্ছে এবং দুর্যোগকবলিত মানুষের পুনর্বাসনে সরকারের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। মানুষের
দুঃসময়ে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।