× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হস্তান্তরের ৩ মাসেই বিকল ৮ কোটি টাকার পানি শোধনাগার

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৩ পিএম

তদারকির অভাবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি কোনো কাজে আসছে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তদারকির অভাবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি কোনো কাজে আসছে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপরিকল্পিত উদ্যোগ, নকশাগত ত্রুটি ও যথাযথ তদারকির অভাবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি কোনো কাজে আসছে না। হস্তান্তরের মাত্র তিন মাসের মধ্যেই কারিগরি ত্রুটি ও ধারণক্ষমতার অসামঞ্জস্যের কারণে বন্ধ হয়ে যায় সাঁথিয়া পৌরসভার পানি শোধনাগারটি। প্রায় পাঁচ বছর ধরে এটি বিকল অবস্থায় পড়ে আছে।

এদিকে প্রতি মাসে নিয়মিত পানির বিল পরিশোধ করেও পৌরবাসীর বড় একটি অংশকে আয়রনযুক্ত পানি পান করতে হচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সুপেয় পানি সরবরাহের উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সাঁথিয়া পৌরসভার পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় গভীর নলকূপ স্থাপন, পানি শোধনাগার নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে পৌরবাসীর বাড়িতে সুপেয় পানির সংযোগ দেওয়ার কথা ছিল।

২০২১ সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সাঁথিয়া পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে হস্তান্তরের মাত্র তিন মাসের মধ্যেই কারিগরি ত্রুটি ও পানি সংরক্ষণের অপর্যাপ্ত সক্ষমতার কারণে শোধনাগারটি কার্যত বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় শোধনাগারের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও মোটরও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

চাহিদার তুলনায় ট্যাংকের সক্ষমতা কম

২৫ দশমিক ৫৩ বর্গকিলোমিটার আয়তনের সাঁথিয়া পৌরসভায় নয়টি ওয়ার্ডে প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস। বর্তমানে নয়টি গ্রামের ১ হাজার ১৬৫টি পরিবারের প্রায় ৬ হাজার মানুষ সরকারি পানি সংযোগের আওতায় রয়েছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এসব গ্রাহকের দৈনিক পানির গড় চাহিদা প্রায় ৮ লাখ ১৫ হাজার ৫০০ লিটার। অথচ নির্মিত শোধনাগারের রিজার্ভ বা ওভারহেড ট্যাংকের ধারণক্ষমতা মাত্র ২ লাখ ৫০ হাজার লিটার।

শোধনাগারে সাড়ে চার ঘণ্টা ধরে প্রায় ৪ লাখ লিটার পানি তোলার পর সাড়ে ছয় ঘণ্টা ধরে বিভিন্ন প্রক্রিয়ায় তা পরিশোধন করা হয়। এরপর রিজার্ভ ট্যাংকে তুলে সরবরাহ লাইনে দেওয়া হলে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই সেই পানি শেষ হয়ে যায়। ফলে অল্পসংখ্যক গ্রাহক পানি পেলেও অধিকাংশই বঞ্চিত থাকেন।

এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ বাধ্য হয়ে কোনো ধরনের শোধন ছাড়াই পাম্প থেকে উত্তোলিত আয়রনযুক্ত পানি সরাসরি সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।

মাসে ব্যয় প্রায় ৪ লাখ টাকা

পৌরসভা সূত্র আরও জানায়, পানি বিশুদ্ধকরণ, বিদ্যুৎ বিল, বিশুদ্ধকরণ উপকরণ বা মেডিসিনসহ অন্যান্য খাতে প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। এই ব্যয় বহন করতে পৌর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে টাকা পরিশোধ করেও কাঙ্ক্ষিত মানের পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম রিপন বলেন, প্র“কল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও পৌরবাসী মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন”।

পানির বিল দেওয়ার পরও যদি নিরাপদ পানি না পাওয়া যায়, তাহলে এ প্রকল্পের সুফল কোথায়- এ প্রশ্নও তোলেন তিনি।

স্থানীয় বাসিন্দা সজিব মাহমুদ ও গোলাম মোস্তফা বলেন, “সরবরাহ করা পানিতে এত বেশি আয়রন যে কিছুক্ষণ পাত্রে রাখলেই তলায় লাল আস্তরণ পড়ে। এ পানি পান ও কাপড় ধোয়ার জন্যও উপযোগী নয়”।


প্রকল্পে সমন্বয়ের ঘাটতির অভিযোগ

পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আবু ইসা শফিউল আলম শোধনাগারের কারিগরি সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “পর্যাপ্ত রিজার্ভ ট্যাংক না থাকায় এবং পানি শোধনের প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় সরাসরি পাম্পের পানি দিয়ে সাময়িকভাবে চাহিদা মেটাতে হচ্ছে”।

তিনি আরও বলেন, “আরও দু-তিনটি ওভারহেড ট্যাংক থাকলে অথবা পৌরসভার এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে থাকা ভালো পানির উৎস থেকে সংযোগ আনা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে”।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান বলেন, “প্রকল্প গ্রহণের সময় পৌরসভার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। পানির বর্তমান ও ভবিষ্যৎ চাহিদাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি”।

তিনি বলেন, “প্রকল্প গ্রহণের সময়ই পৌরসভার দৈনিক পানির চাহিদা ছিল প্রায় ৫ লাখ লিটার। বর্তমানে সেই চাহিদা আরও বেড়েছে। অথচ মাত্র ২ লাখ ৫০ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। চাহিদা ও জোগানের এই ব্যবধানের কারণে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে”।

শোধনাগারটি পুনরায় চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

দায় নিচ্ছে না নির্মাণকারী সংস্থা

তবে শোধনাগারটি দীর্ঘদিন ধরে অচল থাকলেও এর দায় নিতে রাজি নয় নির্মাণকারী সংস্থা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, “প্রায় ৬-৭ বছর আগে শোধনাগারের নির্মাণকাজ শেষ করে সেটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছিল। হস্তান্তরের পর থেকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে কেবল কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়”।

তিনি বলেন, “বর্তমানে আমাদের দপ্তরে শুধু শোধনাগার ও ট্যাংকের নকশা রয়েছে। পাইপলাইন কিংবা কার্যাদেশসংক্রান্ত কোনো নথি নেই”।

প্রকল্প গ্রহণের সময় গ্রাহকের পানির চাহিদা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না- এ বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বী বলেন, “আমি সম্প্রতি এ দপ্তরে যোগদান করেছি। তাই বিষয়টি সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই”।

ফলে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি কেন হস্তান্তরের মাত্র তিন মাসের মধ্যেই অচল হয়ে পড়ল, কার পরিকল্পনা ও তদারকিতে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল এবং এর জন্য দায় কার-এসব প্রশ্ন এখনো অনিষ্পন্ন রয়ে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা