রাজু আহমেদ, রাজশাহী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১ পিএম
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্স। ছবি: সংগৃহীত
রাজশাহী জেলার ৯ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুরো খুড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়সহ সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ প্রয়োজনীয় জনবলের ঘাটতি তো কোনোটিতে ওষুধ সরবরা নেই বললেই চলে। আবার কোনোটিতে নেই এক্সরে আবার কোনটিতে আল্ট্রাসনো মেশিন নষ্টা, ফিল্ম ঘাটতি। ফলে রোগী নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। দরিদ্র পরিবারগুলোকে স্বাস্থ্য সেবা পেতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
মেডিসিন সহ গাইনি বিশেষজ্ঞ ছাড়াই চলছে চারঘাট হাসপাতাল
নিরাপদ মাতৃত্বসেবায় তিনবার পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ। ফলে গরিব রোগীর অভিভাবকরা বিভিন্ন ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন।
এছাড়াও শিশুসহ বৃদ্ধ রোগীদের নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন অভিভাবকরা। জ্বর, এ্যাজমা ও শাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে অনেক গুন। প্রতিদিন রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে শিশু, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অধিকাংশ অভিভাবক এসব রোগী নিয়ে ছুটছেন ৩৫ কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে। ফলে গরীব অসহায় মানুষরা চরম বেকায়দায় পড়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হবে। এ ছাড়াও শিশু ও মেডিসিন চিকিৎসকের পদও পূরণ হতে পারে।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরেই গাইনিসহ বিভিন্ন ইউনিটের চিকিৎসক সংকট চলছে। হাসপাতালটিতে যে পরিমাণ চিকিৎসক থাকার কথা সেই পরিমাণ চিকিৎসক এখনও নেই। এর মধ্যে গাইনি চিকিৎসক না থাকার কারণে সিজারিয়ান অপারেশন বন্ধ হয়ে গেছে। এতে করে জরুরি ভিত্তিতে সিজার করতে বলা হলে অনেক রোগীকে ছুটতে হয় স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও রাজশাহী জেলা সদরের বিভিন্ন হাসপাতালে। পার্শ্ববর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ জানান, কিছুদিন পূর্বে আমার ভাতিজির প্রসব বেদনা উঠলে নিয়ে যাওয়া হয় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিজার করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে সিজারিয়ান বন্ধ থাকায় বাধ্য হয়ে স্থানীয় একটি ক্লিনিকের সিজার করাতে হয়েছে। এতে আমার প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে।
চারঘাট হাসপাতালে সিজারিয়ান করাতে খরচ হতো ১৫শ’ টাকা থেকে দুই হাজার। সেখানে এত টাকা খরচ করতে আমাকে অন্যের কাছে ধার নিতে হয়েছে। উপজেলার রায়পুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, এক মাস আগে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বলেন, আপনার স্ত্রীর পানি শুকিয়ে গেছে দ্রুত সিজারিয়ান করা প্রয়োজন। হাসপাতালে সিজিরিয়ান বন্ধ থাকায় বাধ্য হয়ে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করায় এবং সেখানে প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। সেই টাকা জোগাড় করতে সুদের উপর টাকা নিতে হয়েছে। এতে ঋণের জালে বন্দি হতে হয়েছে আমাকে।
এছাড়াও শিশু ও মেডিসিন চিকিৎসক না থাকায় অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের নিয়েও চরম বেকায়দায় পড়তে হচ্ছে অভিভাবকদের। সাপে কাটলে কোন রোগীকে চিকিৎসা দিতে পারছেন না চারঘাটে কর্মরত চিকিৎসকরা। মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে এমন বিড়ম্বনায় পড়তে হতো না।
এ বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিল্টন কুমার বলেন, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপরাশেন বন্ধ রয়েছে। এছাড়াও শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ পদ পূরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসক সংকটের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হয়ে যাবে।
জনবল ও এক্সরে সেবা ছাড়াই চলছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্গতি যেন কিছুতেই কমছে না। প্রায় একমাস ধরে এক্সরে ফিল্ম ছাড়াই চলছে হাসপাতালটি। এছাড়াও নানান সমস্যায় জর্জরিত ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনেক দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে চিকিৎসা সেবা না পেয়ে, হতাশ হয়ে ফিরছেন সাধারণ মানুষ ও গরিব রোগীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতালটির বিষয়ে খোঁজ নিতে গেলে মিলেও এর সত্যতা।
রোগী নিয়ে হাসপাতালটিতে এক্সরে করাতে গেলে সরাসরি বলে দেয় তাদের এক্সরে ফিল্ম বহুদিন আগে ফুরিয়ে গেছে। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে ৪০ জনের মতো জনবল ঘাটতি। এমনকি নেই অ্যাম্বুলেন্স চালানোর ড্রাইভার। হাসপাতালটিতে রান্না করার জন্য নিয়োগ প্রাপ্ত কোনো ব্যক্তি নেই। রোগীদের খাবারের মান নিয়েও রয়েছে নানান রকম প্রশ্ন। হাসপাতালটির এমন দুর্দশার বিষয়ে বহু বছর থেকেই সিভিল সার্জন অফিস অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থাই নিচ্ছেন না তারা। শুধু দায়সারা বক্তব্য দিয়েই পার পেয়ে যাচ্ছেন। ফলে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের উপর মানুষের মধ্যে জন্ম নিচ্ছে নানান রকম ক্ষোভ ও নিন্দা ও হতাশা।
অন্যদিকে হাসপাতালটি ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হওয়ায় প্রতিনিয়ত আশপাশের উপজেলাগুলো থেকেও সেখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। হাসপাতাল দিতে জরুরিভাবে জনবল সহ নানান রকম সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ হবে না। বহুদিন যাবত এক প্রকার অরক্ষিত অবস্থায় পড়ে আছে হাসপাতালটি। যদিও এক মাস আগেও হাসপাতালের পরিবেশ এতটা খারাপ ছিল না। সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা যেন কোনোভাবে দায়িত্ব পালন করে রক্ষা পাচ্ছেন। কিন্তু চিকিৎসা নিতে আসা মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান আলী মোল্লা বলেন, এসব সমস্যা আছে। তবে আমরা চাহিদা পত্র দিয়েছি। দেখা যাক সমস্যাগুলো কবে সমাধান হয়।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, এক্সরে ফিল্ম শেষ হয়েছে বিষয়টা জানি। কিন্তু আগামী ডিসেম্বরের আগে টেন্ডার না হলে, এক্সরে ফিল্ম দেওয়া সম্ভব নয়।