পবা সার ডটকম
পবা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পবা সার ডটকম’ এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাহিদামতো সার না পেয়ে কৃষকের ক্ষোভের মধ্যে রাজশাহীর পবা উপজেলায় চালু হয়েছে ‘পবা সার ডটকম’। এ ডিজিটাল ব্যবস্থায় এক ক্লিকেই জানা যাবে কোন ডিলারের কাছে কত সার মজুত আছে।
পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কৃষকের সার কেনার তথ্য সংরক্ষিত থাকায় একজন কৃষক কত সার নিয়েছেন, সেটিও যাচাই করা যাবে। এতে কৃত্রিম সংকট, অতিরিক্ত সার কেনা ও বিক্রিতে অনিয়ম ঠেকানোর পাশাপাশি সারের সুষম বণ্টন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পবা উপজেলা ইউএনও ইবনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নানসহ সার ডিলার ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
‘পবা সার ডটকম’-এ উপজেলার সব সার ডিলারের বরাদ্দ, মজুত, বিক্রি ও অবশিষ্ট সারের তথ্য দেখা যাবে। জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কৃষক সার কিনলে তাঁর কেনার তথ্যও সংরক্ষিত থাকবে। জমির পরিমাণ ও ফসলের ধরন বিবেচনায় প্রয়োজনীয় সার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও জিপসামসহ বিভিন্ন সারের পরিমাণ দিলে নির্ধারিত দামে মোট দাম স্বয়ংক্রিয়ভাবে হিসাব হবে। ডিলারের মজুত ও বিক্রির তথ্য প্রশাসনের ড্যাশবোর্ডে থাকায় মজুত থাকা সত্ত্বেও কোনো ডিলার ‘সার নেই’ বলছেন কি না, সেটিও যাচাই করা যাবে। সাধারণ মানুষ কোনো লগইন ছাড়াই ডিলারভিত্তিক সার মজুত ও দাম দেখতে পারবেন।
এ ব্যবস্থায় চার স্তরের নজরদারি রাখা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে ডিলারের মজুত, মূল্যতালিকা, বিক্রিমূল্য, রসিদ, লাইসেন্স ও বরাদ্দপত্র যাচাই করবেন। তাদের পরিদর্শনের স্থান জিপিএসের মাধ্যমে সংরক্ষিত থাকবে। কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ১০ জন ট্যাগ কর্মকর্তা তাঁদের কার্যক্রম তদারকি করবেন। সর্বশেষে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।
ওয়েবসাইটে কৃষকদের অভিযোগ জানানোর সুযোগও রয়েছে। সার না দেওয়া, ওজনে কম দেওয়া, রসিদ না দেওয়া বা বেশি দামে সার বিক্রির অভিযোগের পাশাপাশি প্রয়োজনে ছবি সংযুক্ত করা যাবে। ইউনিয়নভিত্তিক কোন ডিলারের কাছে কত সার মজুত রয়েছে, সেটিও দেখা যাবে।
পবার ইউএনও ইবনুল আবেদীন বলেন, কোনো কৃষক প্রয়োজনের অতিরিক্ত সার কিনলে মাঠপর্যায়ে গিয়ে তা যাচাই করা হবে। নতুন ব্যবস্থায় কৃষককে আলাদা কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না; আগের মতোই ডিলারের কাছ থেকে সার কিনবেন। ডিলাররা শুধু বিক্রি ও মজুতের তথ্য হালনাগাদ করবেন। বর্তমানে এটি পাইলট ভিত্তিতে চালু হয়েছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এতে নতুন সুবিধা যুক্ত করা হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পর্যাপ্ত সার থাকার পরও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেছে। পবার উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলাতেও এটি চালু করা হবে।
বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, শুধু ডিলারের মজুতের তথ্য নয়, কোন এলাকায় কত কৃষক, তাদের জমির পরিমাণ, ফসলের ধরন ও প্রয়োজনীয় সারের তথ্যও ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করা দরকার। এতে আমনসহ বিভিন্ন মৌসুমে আগেই এলাকার সারের চাহিদা নির্ধারণ করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকল্পটির নকশা, পরিচালনা ও কারিগরি উন্নয়ন করেছে সিল্কোরা কনসালটেন্সি লিমিটেড। ওয়েবসাইট, প্রশিক্ষণ ও প্রচারে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে। বছরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় হতে পারে।