শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম
শ্রীপুর রেলওয়ে স্টেশনে ২০ জনের একটি শ্রমিক দল গ্যাংকারে স্লিপারগুলো লোড করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে থাকা ৩০০ পিস রেল স্লিপার সরিয়ে নেওয়া হচ্ছে। এসব স্লিপার নরসিংদীর ঘোড়াশাল এলাকায় রেললাইন মেরামতের জরুরি কাজে ব্যবহার করা হবে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, শ্রীপুর রেলওয়ে স্টেশনে ২০ জনের একটি শ্রমিক দল গ্যাংকারে স্লিপারগুলো লোড করছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব স্লিপার এখন নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কাজটি তদারকিতে থাকা টঙ্গী জোনের উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) মো. রেজাউল করিম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শ্রীপুরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ৩০০ পিস স্লিপার সরিয়ে নেওয়া হচ্ছে। এসব স্লিপার নরসিংদীর ঘোড়াশাল অঞ্চলে রেললাইন মেরামতের জরুরি কাজে ব্যবহার করা হবে”।
আরও পড়ুন: অব্যবস্থাপনায় নষ্ট রেলসম্পদ
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ৮ নম্বর পাতায় ‘অব্যবস্থাপনায় নষ্ট রেলসম্পদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শ্রীপুর রেলওয়ে স্টেশনের খোলা জায়গায় রেলের বিভিন্ন মূল্যবান সামগ্রী দীর্ঘদিন ফেলে রাখায় সেগুলো নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। এরপর শ্রীপুরে অব্যবহৃত ও খোলা জায়গায় পড়ে থাকা স্লিপারগুলো বিভিন্ন জরুরি কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পড়ে থাকা রেলওয়ের এসব সম্পদ দ্রুত কাজে লাগানোর উদ্যোগ নেওয়ায় একদিকে যেমন রেলসম্পদের অপচয় রোধ হবে, অন্যদিকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও এসব সামগ্রী ব্যবহার করা সম্ভব হবে।