নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম
বরিশালে আইনজীবীর সহকারী (মহুরী) নুরুজ্জামান হাওলাদার হত্যার ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালে আইনজীবীর সহকারী (মহুরী) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যার ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে ঝগড়ার পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে রান্নাঘর থেকে শীল (পুতা) এনে তার মাথায় আঘাত করেন নাছিমা। পরে বালিশে মুখ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
গতকাল সোমবার ঢাকার ভাটারা থানা এলাকায়
অভিযান চালিয়ে নাছিমাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট
থানা-পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এয়ারপোর্ট
থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি জানান, নুরুজ্জামান ও নাছিমার বিয়ে
হয় ১৯৯৪ সালে। তাদের দুই সন্তান রয়েছে-
ইশরাত জাহান পপি (২৮) ও ইমন হোসেন (২৬)। ইমন মালয়েশিয়ায়
থাকেন। ইশরাত তার স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় বসবাস করেন।
পুলিশের দাবি, নুরুজ্জামানের একাধিক নারীর
সঙ্গে সম্পর্ক রয়েছে- এমন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ
চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো।
মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,
গত ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নুরুজ্জামান বরিশাল জেলা জজ আদালতে তার কর্মস্থল থেকে
বাসায় ফেরেন। ওই রাতে পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার আবারও ঝগড়া হয়। একপর্যায়ে
নুরুজ্জামান নাছিমাকে মারধর করে ঘুমিয়ে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, নুরুজ্জামান ঘুমিয়ে পড়ার
পর নাছিমা রান্নাঘর থেকে শীল এনে তার মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি
গুরুতর আহত হন। পরে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করা হয় বলে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে নাছিমা জানিয়েছেন।
নুরুজ্জামানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর
তিনি তার বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার আবহাওয়া
অফিসের সামনে আসতে বলেন। সেখানে খাদিজার কাছে ব্যাগটি রেখে সকালে আত্মসমর্পণ করবেন
বলে জানান তিনি। পরে নাছিমা আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায়
হত্যা মামলা করেন নিহতের পরিবারের পক্ষের একজন। মামলাটি এয়ারপোর্ট থানার ১২ নম্বর মামলা।
এতে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে নাছিমার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান
চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।