গোলাপগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩ পিএম
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ মামলায় পাবেল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের মামলায় পাবেল আহমদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-৯।
সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেপ্তার করা হয়। পাবেল উপজেলার আমুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
এসআরবি-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার কেএম
শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর
সঙ্গে পাবেল আহমদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিয়ের আশ্বাস দিয়ে পাবেল
তাকে উপজেলার রানাপিং এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে টানা পাঁচ দিন তাকে ধর্ষণ
করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে কিশোরী বিয়ের জন্য চাপ দিলে পাবেল
তাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে গাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।
পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় কিশোরী। এ ঘটনায় তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল
থানায় মামলা করেন।
এসআরবি-৯ জানায়, মামলা হওয়ার পর থেকেই
পাবেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। সোমবার বিকেলে
গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার
পাবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
বলে জানিয়েছে এসআরবি-৯।