চাঁদপুর-কুমিল্লা সড়ক
মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম
হাজীগঞ্জ বাজার অংশের সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাইয়ের নির্মাণ কাজ চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে চলছে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কের মাঝখানে ও পিচঢালাইয়ের নির্ধারিত অংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে স্থানীয় বিশিষ্টজন ছাড়াও ব্যবসায়ী ও চালকরা এমনটা জানিয়েছেন। হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলেন, রাতের বেলা দূরপাল্লার যানবাহন চলাচলের সময় এসব খুঁটি চালকদের চোখে না পড়ার কারণে যেকোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকল্পের নকশা অনুযায়ী হাজীগঞ্জ বাজার ৩১টি ও বলাখাল বাজারে ১১টিসহ ৪২টি বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া জরুরি। খুঁটিগুলো না সরিয়েই তড়িঘড়ি করে সড়ক ঢালাইয়ের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। হাজীগঞ্জ সড়ক উপ-বিভাগ থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বৈদ্যুতিক খুঁটিগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বলা হয়।

হাজীগঞ্জ বাজার অংশের সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশল ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, এখানে স্পষ্টভাবে বলা আছে, আমাদের যদি সড়ক উন্নয়নের জন্য এটি (বিদ্যুতের খুঁটি) আবার প্রয়োজন হয়, তাহলে তারা ৪৫ দিনের মধ্যে এটা (বিদ্যুতের খুঁটি) নিজ দায়িত্বে সরায় নিতে বাধ্য হবেন এবং সেটা করার জন্য তাদেরকে আমি সর্বশেষ যে জেলা উন্নয়ন সমন্বয় সভা হয়, সেখানে এই বিষয়টি জানিয়েছি। সেই সভায় জেলা প্রশাসক সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী সময়ে সবকিছু শোনার পরে এবং বিদ্যুৎ অফিসকেই বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে হবে এবং তাদের যদি অর্থসংকট থাকে, তাহলে তিনি সুপারিশকৃত অর্থ সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।
এদিকে প্রথমে এর জবাবে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে তাদের নিজস্ব কোনো বাজেট বরাদ্দ না থাকায় এই বিদ্যুতের খুঁটি সরানোর কাজ সরাসরি করা সম্ভব নয়। এটি সরানোর জন্য প্রাক্কলিত ব্যয় বাবদ ২২ লাখ ৮৩ হাজার টাকা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের পরামর্শে টাকার জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় বলে জানান পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোবিন্দ আগারওয়ালা।
হাজীগঞ্জ বাজার অংশের সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তিনি বলেন, ওখানে সড়কের এক্সিয়েন কে বিষয়টাকে জানানোর পরে জেলা প্রশাসক আমাদেরকে বললেন, আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখেন এবং তার একটা অনুলিপি আমাকে দেন। আমরা চেষ্টা করে দেখি কি করতে পারি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখছি। যোগাযোগ রাখছি কাজটা কিভাবে দ্রুতগতিতে করা যায়। সমস্যার দ্রুত সরাহা হয়।
দুটি সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা এবং চিঠি চালাচালির ফাঁদে পড়ে কোটি কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। জননিরাপত্তা প্রচণ্ড হুমকির মুখে পড়ছে। অল্প সময়ের মধ্যে দু’দপ্তরের ঊর্ধ্বতনদের হস্তক্ষেপে এই জটিলতার সমাপ্তি ঘটিয়ে জনদুর্ভোগ দূর করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা।