ঢাকা-বরিশাল মহাসড়ক মৃত্যুফাঁদ
ওবায়দুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়ক দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বেপরোয়া গতিতে যান চালানো, ওভারটেকিংয়ের প্রতিযোগিতা, ঝুঁকিপূর্ণ বাঁক, মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কের তুলনায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গত এক মাসেরও বেশি সময়ে এ মহাসড়কের বরিশাল অংশে বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর সকালে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে বাসের ধাক্কায় রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী রেহানা বেগম (৪৫) মারা যান। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পর নিরাপদ সড়ক ও দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এর মাত্র এক দিন আগে, ১৪ সেপ্টেম্বর বাবুগঞ্জের রাকুদিয়া নতুনহাট এলাকায় দুই বাসের সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। একই দিনে উজিরপুরের নতুন শিকারপুর এলাকাতেও দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর বাবুগঞ্জের ছয়মাইল এলাকায় ঘটে আরও ভয়াবহ ঘটনা। ৩৫ যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস থ্রি-হুইলারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, বাসটির চালক আগে থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
এর আগেও ২৮ আগস্ট বাবুগঞ্জের রাকুদিয়া নতুনহাট এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শুধু বাস নয়, মোটরসাইকেলও এ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ছে। গত ১১ সেপ্টেম্বর গৌরনদীর দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক মারা যান এবং একজন গুরুতর আহত হন।
কটকস্থলে গভীর রাতে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবুগঞ্জের রাজকর এলাকার মেহেদী হাসান তুরাগ (৩০) মারা যান। অন্যদিকে দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু (৩২) মারা যান এবং তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন।
এরও আগে ৭ আগস্ট গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিপন রায় (৪৪) নামে এক চালক মারা যান। হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারানোর পর তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।
দুর্ঘটনার পেছনে শুধু চালকের বেপরোয়া গতিই নয়, মহাসড়কের অবকাঠামোগত সমস্যাও বড় ভূমিকা রাখছে। গত আগস্টে টানা বর্ষণে গৌরনদী অংশের প্রায় ১৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ভারী যানবাহনের চাপে সড়ক উঁচু-নিচু হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা ও শিকারপুর সেতুর মধ্যবর্তী প্রায় ছয় কিলোমিটার এলাকায় একাধিক বড় বাঁক রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব বাঁককে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সওজ ও হাইওয়ে পুলিশের ধারণা, প্রশস্ত ও মসৃণ অংশে চালকরা বেশি গতিতে গাড়ি চালিয়ে বাঁকগুলোতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে। কোথাও কোথাও সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিসীমা নির্ধারিত থাকলেও চালকরা তার চেয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালান।
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা ও দক্ষিণাঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ অনেক বেশি সক্রিয় হয়েছে। ফলে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা ও দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকার সঙ্গে ঢাকার সড়কপথে যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু মহাসড়কের অনেক অংশ এখনও তুলনামূলক সরু এবং বিভিন্ন স্থানে বাজার, বাসস্ট্যান্ড, ধীরগতির যানবাহন ও পথচারীদের চলাচল রয়েছে।
গত এক মাসের সড়ক দুর্ঘটনার পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বাবুগঞ্জ, উজিরপুর ও গৌরনদী অংশে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকার সংঘর্ষ, মোটরসাইকেল দুর্ঘটনা, দুই বাসের সংঘর্ষ, বাস খাদে পড়ে যাওয়া এবং পথচারীকে বাসের ধাক্কা দেওয়ার মতো ঘটনা রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে মাসে বরিশাল বিভাগে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন বলে তথ্য দিয়েছে সংগঠনটি।
সড়ক ব্যবহারকারীদের মতে, শুধু দুর্ঘটনার পর বাস জব্দ বা মামলা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে কার্যকর গতিসীমা নিশ্চিত করা, স্পিড ক্যামেরা ও নজরদারি বাড়ানো, লাইসেন্স ও ফিটনেস পরীক্ষা জোরদার করা, ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং অবৈধ পার্কিং ও মহাসড়কের ওপর ধীরগতির যানবাহন নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি। একই সঙ্গে মহাসড়কের খানাখন্দ দ্রুত সংস্কার, ঝুঁকিপূর্ণ বাঁকগুলো পুনর্বিন্যাস এবং গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা করা প্রয়োজন।