তরিকুল ইসলাম মিঠু, যশোর
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৬ পিএম
যশোরের চাঁচড়ায় সর্ববৃহৎ মাছের রেণু-পোনা উৎপাদন ও বেচাকেনার বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের রেনু ও মাছের পোনা উৎপাদনের সুতিকাগার বা হাব হিসাবে সারা দেশের কাছে পরিচিত যশোরের চাঁচড়া। এটি দেশের প্রথম ও সর্ববৃহৎ মাছের রেণু-পোনা উৎপাদন ও বেচাকেনার বাজারও বটে।
দেশের মোট রেণু-পোনার ৭০ শতাংশই উৎপাদন করা হয় এখানে। প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় এখানে রেনু ও চারা পোনা মাছের বেচা-কেনা।
দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যাপারী ও মাছ চাষীরা এখানে আসেন রেনু ও চারা পোনা কেনার জন্য। এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক লাখ মানুষ। বছরে এ বাজার ও হ্যাচারি থেকে ছয় হাজার কোটি টাকার রেনু ও চারা পোনা মাছ সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে। এতে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তবে এখানকার ব্যবসায়ীরা সরকারি ভাবে সুযোগ-সুবিধা পেলে এ অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করেন মাছ ব্যবসায়ীও হ্যাচারী মালিকরা। হ্যাচারিগুলোতে রুই, কাতলা, মৃগেল, কই, শিং, টেংরা, বাইন ও তেলাপিয়া, মাগুর, টাকি,শোলসহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা উৎপাদন করা হয়।
যশোরের চাঁচড়ায় সর্ববৃহৎ মাছের রেণু-পোনা উৎপাদন ও বেচাকেনার বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সম্প্রতি এক সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দৈর্ঘ্যের প্রতি কেজি রুইয়ের পোনা বেচা হচ্ছে ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৮০ টাকা, কাতলা ২৫০-৩০০ টাকা এবং সিলভার কার্প ১৫০-১৭০ টাকা কেজি দরে। এ ছাড়া শিং মাছ প্রতি পিস ৪-৬ টাকা, টেংরা ২-৩ টাকা এবং পাবদা ৩-৪ টাকা, পাঙ্গাস বেচা হচ্ছে।
হ্যাচারী থেকে রেণু বেচা হচ্ছে- পাবদা ৬-৮ হাজার, কই ৪-৮ হাজার, পুটি ৪-৮ হাজার, বাইন ১২ থেকে ১৪ হাজার, শিং ১০-১২ হাজার, টেংরা ৮-১০ হাজার, গুলশা ৮-১০ হাজার, টাকি ৬-৮ হাজার। মাছ ব্যবসায়ী সুমন বলেন, এখানকার মাছ সারা দেশ ছাড়াও ভারতেও রপ্তানি হয়। তিনি শিং মাছের প্রতি পিস দুই টাকা বা ১২শো টাকা কেজি ধরে বেচছেন। তার মতো বাজারে কয়েক হাজার মানুষ প্রতিদিন এ ব্যবসার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। মেহেদী হোসেন বাবু বলেন, তারাবাইন মাছের পোনা বাজারে নিয়ে এসেছেন। এটি ১২-১৫ হাজার টাকা কেজি বা প্রতি পিস দুই থেকে তিন টাকা হিসেবে বেচছেন।
যশোরের চাঁচড়ায় সর্ববৃহৎ মাছের রেণু-পোনা উৎপাদন ও বেচাকেনার বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাছ ব্যবসায়িক কানাইলাল সরকার বলেন, আমরা বাগেরহাট থেকে ৪০ জন ব্যাপারি এখানে মাছ নিতে এসেছি। মাছ কেনাকাটা শেষ। সকাল সাড়ে ৭টার মধ্যেই ট্রাকে বিভিন্ন ধরনের রেনু ও পোনা মাছ লোড দেওয়া হয়েছে। এসব মাছ বাগেরহাটের চিতলমারিসহ বিভিন্ন এলাকায় মাছের ঘেরে নিয়ে যাওয়া হবে। শুধু আমরা নই, প্রতিদিন এখান থেকে ট্রাক, পিকআপ, বাসের ছাদ ও ট্রেনে করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ভোলা, ফরিদপুর ও খুলনাসহ বিভিন্ন জেলায় পোনা নিয়ে যান ব্যাপারীরা।
গ্রামে বাঁকে কাঁধে ফেরি করা মাছ বিক্রেতা রহিদুল ইসলাম জানান, তিনি দর্শন থেকে যশোরে এসেছেন মাছ নিতে। তার মত ৬০০ ছোট ব্যবসায়ী দর্শনা থেকে এখানে আসেন মাছ নিতে। এরপর মাছগুলো প্রথমে অক্সিজেন দিয়ে দর্শনা তে নেয়া হয় দূরপাল্লার বাসে করে। তার পর সেই মাছ আবারও হাড়িতে সিকে বাঁকে করে বিক্রি করেন গ্রামে গ্রামে। প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ টাকা তিনি আয় করেন।
যশোরের চাঁচড়ায় সর্ববৃহৎ মাছের রেণু-পোনা উৎপাদন ও বেচাকেনার বাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোর মৎস্য হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চৌধুরী মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী শামসুদ্দীন চৌধুরী সুমন বলেন, যশোরে সব ধরনের সাদা মাছের রেনু উৎপাদন করা হয়। এর পাশাপাশি দেশীয় প্রজাতির পাবদা,কই, পুটি, বাইন, শিং, টেংরা, গুলশা, টাকি সহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের রেনু উৎপাদন করা হচ্ছে। তবে যশোরের কৃষি কর্মকর্তা মনিরুল মামুনের সহযোগিতায় বিলুপ্তির পথে রয়না মাছ উৎপাদনের প্রক্রিয়া চলমান রয়েছে। সারা দেশে যশোরের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। উৎপাদন কম হলে দাম একটু বেশি পাওয়া যায়। উৎপাদন সহজলভ্যতা হলে তখন রেনুর দাম কমে যায়।
যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, যশোরে ছোট-বড় মিলে ৫০ টির অধিক মৎস্যে হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারিতে উৎপাদিত রেনুপনা ও চারা মাছের পোনা সারাদশে সরবরাহ হয়। বছরে এ খাতে থেকে ৬ হাজার কোটি টাকা বেচাকেনা হয়। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এসব মাছ ব্যবসায়ী ও হ্যাচারি মালিকদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তারা নানা ধরনের সহযোগিতা প্রদান করছে।