প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ এএম
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সহকারী উপ-পরিদর্শক মো. ইকলাচুর রহমান মিঠু। ফাইল ছবি
আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সহকারী উপ-পরিদর্শক মো. ইকলাচুর রহমান মিঠু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং সেবামূলক কর্মকাণ্ডে অনন্য নজির স্থাপনের জন্য সারাদেশে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে (পিপিএম-সেবা) ক্যাটাগরির তালিকার ৪২ নম্বরে মনোনীত হয়েছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।
জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত অবস্থায় তথ্যপ্রযুক্তির নিবিড় ব্যবহার এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে একাধিক ক্লুলেস হত্যাকাণ্ড, মহাসড়কের ডাকাতি ও আন্তঃজেলা অপরাধী চক্রের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে অগ্রণী ভূমিকা পালন করেন সহকারী উপপরিদর্শক ইকলাচুর রহমান।
ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা ও অপরাধীদের আইনের আওতায় আনতে তার সাহসিকতা জেলাজুড়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
উপ-পরিদর্শক ইকলাচুর রহমান মিঠু বলেন, “রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেশাগত কাজের প্রতি দায়বদ্ধতা আরে বেশি বাড়িয়ে দিলো। আগামীতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় যেন আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা চাই।”