যশোর প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৭ পিএম
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় অংশ নেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সভায় বক্তারা যশোরের আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, মাদকের বিস্তারসহ নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা করেন।
যশোর বারের সভাপতি ও পিপি সাবিরুল হক সাবু বলেন, অধিকাংশ বক্তা মানুষকে তুষ্ট করার জন্য বক্তব্য দেন। প্রকৃত সমস্যার কথা কেউ বলেন না। যে কারণে সমাজ থেকে সমস্যা দূর হয় না।
যশোরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন, যশোর একটি সীমান্ত জেলা। এ জেলায় অপরাধের চিত্র ভয়াবহ। মাদকের সহজলভ্যতার কারণে নেশাগ্রস্ত হয়ে জেলার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রশাসনকে উদ্দেশ করে বলেন, পুলিশ চাইলে এমন কোনো কাজ নেই যা করতে পারে না। দেশে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। দেশে তারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।
উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী (ভূমি কমিশনার) কর্মকর্তা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলার সব অফিসের কর্মকর্তাসহ নাগরিক সমাজের নেতারা। সভার সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।