বদলগাছী (নওগাঁ) প্র্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৮ পিএম
বদলগাছীর বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে দিয়েছে। এতে ১০-১২ জন কৃষকের প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
গত শনিবার রাতে কে বা কারা জমিতে ঢুকে কৃষকদের পটলগাছগুলো কেটে দেয়। পরদিন সকালে জমিতে গিয়ে তারা দেখতে পান, বিস্তীর্ণ এলাকার পটলগাছ কাটা অবস্থায় পড়ে আছে। কোথাও গোড়া থেকে গাছ কেটে দেওয়া হয়েছে, আবার কোথাও পুরোলতা মাটিতে লুটিয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে পটলগাছগুলো কেটে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে, সেই বিষয়ে তারা নিশ্চিত নন।
সোমবার সরেজমিন দেখা যায়, কয়েকটি জমিজুড়ে কাটা পটলগাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কয়েক দিন আগেও যেসব জমি ছিল সবুজে ভরা, সেখানে এখন দেখা যাচ্ছে কেবল ধ্বংসের চিহ্ন।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বলেন, অনেক কষ্ট করে জমিতে পটল চাষ করেছি। সার, ওষুধ, শ্রমিকসহ সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়েছে। ফসল বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি দেনা পরিশোধের আশা ছিল; কিন্তু এক রাতেই সব শেষ করে দিয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।