কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে কয়েক দিন আটকে রেখে ধর্ষণের পর গুরুতর অসুস্থ অবস্থায় সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।
সোমবার
(২১ সেপ্টেম্বর) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার কলিমাবাদ ও গিয়াসনগর এবং রাজনগরের গাঙপার
এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা
হলেন- মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদ
(২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ
গ্রামের জুবেল মিয়া (৩০)। মামলার অপর আসামি রাজনগর হাসপাতাল এলাকার কবির (৩০) পলাতক
রয়েছেন।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, জাহেদ আহমেদের সঙ্গে মুঠোফোনে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে
তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ১২ সেপ্টেম্বর বিকেলে তাকে বাড়ি থেকে
নিয়ে যাওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকা
থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে রাজনগরের বাহাদুরগঞ্জে জুবেল মিয়ার বাড়িতে নেওয়া
হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।
এজাহারে
আরও উল্লেখ করা হয়, ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ওই শিক্ষার্থীকে জাহেদের
বাড়িতে আটকে রাখা হয়। সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে
পড়লে ১৭ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের একটি সড়কের পাশে তাকে রেখে যাওয়া
হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ
ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা করেন।
কমলগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা
দায়েরের পর প্রায় ২০ ঘণ্টার অভিযানে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে।