চিকিৎসায় অবহেলার অভিযোগ
বগুড়া অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১ পিএম
পঙ্গু হাসপাতালের বেডে শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরাম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁ পা ভেঙে যাওয়ার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সরকারি বাণিজ্যিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরাম (১৮)। হাসপাতালে ভর্তির দুই দিন পর তিনি পায়ের আঙুল নাড়াতে পারছেন না বলে জানান। পরে তাঁকে ঢাকায় নেওয়ার পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকেরা জানান, তাঁর পায়ের একটি নার্ভ ছিঁড়ে গেছে এবং পচন ধরেছে। শেষ পর্যন্ত গতকাল রোববার রাতে অস্ত্রোপচার করে তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়েছে।
ইরামের
বাড়ি বগুড়া শহরের রহমান নগর এলাকায়। গত বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে
ঘুরতে বের হয়ে বউবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাঁর বন্ধুরা তাঁকে শজিমেক
হাসপাতালে নিয়ে যান।
ইরামের
বাবা শাহাদৎ জামান মজনুর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর তাঁর ছেলেকে যথাযথ চিকিৎসা দেওয়া
হয়নি। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর এক্স-রে করে চিকিৎসকেরা জানান, ইরামের হাঁটুর
জোড় সরে গেছে এবং পায়ে ফ্র্যাকচার হয়েছে। পরে তাঁর পা প্লাস্টার করে অর্থোপেডিক ওয়ার্ডে
ভর্তি করা হয়।
শাহাদৎ
জামানের অভিযোগ, বুধবার রাতে ভর্তির পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নার্স ছাড়া কোনো চিকিৎসক
ইরামকে দেখতে আসেননি। শুক্রবার সন্ধ্যার পর একজন ইন্টার্ন চিকিৎসক তাঁকে দেখেন। তখন
ইরাম জানান, তিনি পায়ের আঙুল নাড়াতে পারছেন না। এরপর তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ
দেওয়া হয়।
শাহাদৎ
জামান বলেন, ‘শুক্রবার রাতেই ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা
হই। শনিবার পঙ্গু হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা শুরু হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার
হয়ে গেছে।’
তিনি
বলেন, ‘চিকিৎসকেরা জানান, পায়ের একটি নার্ভ ছিঁড়ে গেছে
এবং পচন ধরেছে। পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। গতকাল রোববার রাতে অস্ত্রোপচার
করে ইরামের বাঁ পা কেটে ফেলেছেন চিকিৎসকেরা।’
ছেলের
পা হারানোর ঘটনায় ভেঙে পড়েছেন শাহাদৎ জামান। এর মধ্যে ইরামের চার বন্ধুকে শজিমেক হাসপাতালে
আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ইরামকে
হাসপাতালে নেওয়ার পর ট্রলিতে করে ওয়ার্ডে নেওয়ার সময় ২০০ টাকা বকশিশ দাবি করা নিয়ে
তাঁর বন্ধুদের সঙ্গে ট্রলিম্যানের বাগ্বিতণ্ডা হয়। পরে এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গেও
তাঁদের বিরোধ হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মারধরে চার আনসার সদস্য আহত হন। এ ঘটনায়
করা মামলায় চার কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহাদৎ
জামান বলেন, ‘ট্রলিম্যানের বকশিশ দাবির প্রতিবাদ করায় আমার
ছেলের বন্ধুরা এখন কারাগারে। আদালত তাঁদের জামিন দিচ্ছে না। আর চিকিৎসকের অবহেলায় আমার
ছেলে পঙ্গু হয়ে গেল। একসঙ্গে এত বড় দুই আঘাত কীভাবে সহ্য করব?’
তবে
চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-ই-মুর্শেদ।
তিনি বলেন, ‘চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়। হাসপাতালে ভর্তির
পরপরই তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার তাঁকে ঢাকায় পাঠানো হয়।’
ইরামের
পা কেন কেটে ফেলতে হয়েছে, সে বিষয়ে অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিস্তারিত
জানা যাবে বলে জানান হাসপাতালের উপপরিচালক।
এদিকে
ইরামের চার বন্ধুর জামিন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আদালত
পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘চার শিক্ষার্থীর জামিনের আবেদন করা হয়েছিল। শুনানির
জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন বিচারক।’