রংপুর অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে রংপুরের পেট্রোল পাম্পগুলো যানবাহনের সারি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। এক লাফে পেট্রোলের দাম ২০ টাকা বৃদ্ধিতে পরিবহন খাতে ভাড়া, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, উত্তরাঞ্চলের কৃষিতে ব্যয় বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। তেলের সরবরাহ নিশ্চিতসহ দাম কমানোর আহ্বান জানিয়েছেন ভূক্তভোগীরা।
জানা
যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল রবিবার দিবাগত রাত ১২টার পর
থেকে জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর করে। এতে ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা
এবং অকটেনের দাম লিটারে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।
জ্বালানি
তেলের দাম বৃদ্ধির খবরে রবিবার রাতেই রংপুরের পেট্রোল পাম্পগুলো মোটরসাইকেল, প্রাইভেট
কার, ট্রাকসহ বিভিন্ন পরিবহন সারি লক্ষ্য করা যায়। বেশিরভাগ পাম্পে তেল নেই এবং কিছু
পাম্পে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। এতে করে ক্ষোভে ফেটে পড়েন তেল নিতে
আসা গ্রাহকরা। তারা পুরনো দামে কিনে নতুন দামে তেল বিক্রির কারসাজির বিষয়ে পাম্প মালিকদের
শাস্তির দাবী জানান।
আজ
সকালে রংপুরের মিজান ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশন, সালেক ফিলিং স্টেশন, সিটি ফিলিং
স্টেশনসহ বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, নতুন দামে ডিজেল, পেট্রোল, অকটেন বিক্রি
করা হচ্ছে। গ্রাহকরা তেল নিতে এসে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। অপরদিকে তেল বৃদ্ধির
কারণে রংপুরের বিভিন্ন খাতে প্রভাব পড়ছে। এর মধ্যে পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, পরিবহন
ব্যয় বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব পড়ার
শঙ্কা করছে ব্যবসায়ীরা।
কৃষিতে
সমৃদ্ধ রংপুরে জলবায়ু পরিবর্তনের ফলে সেচ নিয়ে গেল কয়েক বছর ধরে বিপাকে পড়েছেন কৃষকরা।
বর্ষাকালে বৃষ্টি না থাকায় শুস্ক মৌসুমের মত সেচ দিয়ে ফসল আবাদ করতে হচ্ছে তাদের। এর
মধ্যে দফায় দফায় তেলের দাম বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। অপরদিকে ধান, আলুতে ন্যায্য
মূল্য পায়নি কৃষকরা।
ভুক্তভোগীদের
দাবি, গণশুনানীর মাধ্যমে তেলের নতুন দাম নির্ধারণ হওয়া উচিত ছিল। সরকার আন্তর্জাতিক
বাজারের সাথে তেলের দাম সামঞ্জ্যপূর্ণ করতে চাইলে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার
বিবেচনায় এনে তেলের দাম পুনঃনির্ধারণ করা প্রয়োজন।
স্কুল
শিক্ষক মিজানুর রহমান বলেন, আগে যেখানে প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করতে ২’শ টাকার তেল প্রয়োজন ছিল, এখন সেখানে আড়াইশ টাকার তেল লাগবে। দেখা
যাচ্ছে প্রতিদিন ৪০ টাকার বেশি তেল কিনতে হচ্ছে। যা মাসে গিয়ে দাঁড়ায় এক হাজার দুইশত
টাকা। যা দিয়ে আমার বাচ্চার টিউশনীর বেতন দেওয়া যেত।
ট্রাক
চালক মফিজার রহমান বলেন, তেলের দাম বৃদ্ধি হলে প্রতিদিন কাস্টমারের সাথে আমাদের বাকবিতন্ডা
লেগে যায়। তারা ন্যায্য ভাড়া দিতে চায় না।
সিটি
ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী হারুন অর রশিদ বলেন, আমরা সরকার নির্ধারিত দামে জ্বালানি
তেল বিক্রি করছি। এখন পর্যন্ত তেলের সংকট নেই। তবে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গ্রাহক
হয়তো কিছুটা কমে যাবে। ফলে প্রতিদিন যে পরিমান তেল বিক্রি হতো, এখন আর সেটা হবে না।