বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭ পিএম
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস। ছবি: সংগৃহীত
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা। নতুন পাসপোর্টের আবেদন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সেবা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, সমস্যা সমাধানে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
এ ছাড়া আবেদনকারীর ইচ্ছা না মেনেই পাসপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এসব অভিযোগের বিষয়ে একাধিক সেবাগ্রহীতার বক্তব্য পাওয়া গেছে।
ভুক্তভোগী মিনহাজ আহমেদ জানান, প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে তিনি পাসপোর্টের আবেদন করেছেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুবিধার জন্য পাসপোর্টে পেশা হিসেবে ‘লেবার’ উল্লেখ করতে চেয়েছিলেন তিনি। তবে তার পাসপোর্টে পেশার ঘরে ‘কৃষক’ উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মিনহাজ বলেন, পাসপোর্টে ভুল পেশা উল্লেখ থাকায় বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। এ ছাড়া ২১ সেপ্টেম্বর পাসপোর্ট ডেলিভারির নির্ধারিত তারিখ থাকলেও ওই দিন তিনি পাসপোর্ট পাননি বলেও অভিযোগ করেন।
সরেজমিনে পাসপোর্ট অফিসে গিয়ে কথা হয় আরও কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে। তারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে কর্মকর্তারা তাদের পাসপোর্টের আবেদন বা ডেলিভারি আটকে দেন। পরে দালালের মাধ্যমে যোগাযোগ করলে কাজ সহজেই হয়ে যায়। তবে এ জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বলে দাবি তাদের।
সেবাগ্রহীতাদের অভিযোগ, অফিসের ভেতরে ও আশপাশে সক্রিয় থাকা দালালদের সঙ্গে কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। দালালের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়ে গেলেও সরাসরি সেবা নিতে গেলে নানা ধরনের জটিলতা তৈরি করা হয়।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে সাময়িক দায়িত্বে থাকা উপ-সহকারী পরিচালক বায়েজীদ রহমানের কাছে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকের মাধ্যমে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সেবাগ্রহীতারা জানান, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে এসে তাদের যেন দালালের দ্বারস্থ হতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে পাসপোর্টে ভুল তথ্য সংযোজন ও নির্ধারিত সময়ে ডেলিভারি না দেওয়ার অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।