জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০ পিএম
জয়পুরহাটে গৃহবধু সাজেদা ইসলাম হত্যার দায়ে যাবজ্জীবন পাওয়া আবু সাঈদ ও রাব্বী হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাট জেলা শহরের জানিয়ার বাগান মহল্লার একটি বাসার পঞ্চম তলায় সাজেদা ইসলাম নামের এক গৃহবধূ হত্যার প্রায় চার বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক সোমবার দুপুরে এ রায় দেন।
এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নূর-ই আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৮)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর শহরের জানিয়ার বাগান এলাকার একটি ভাড়া বাসার পঞ্চম তলা থেকে সাজেদা ইসলাম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিন দুপুরে তার ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরে মায়ের মুখে স্কচটেপ লাগানো, হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায়।
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মেয়ের স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কের জেরে আবু সাঈদ ও রাব্বী হোসেন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন এবং বাস্তবায়ন করেন।
ঘটনার দুই দিন পর নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত ওই দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।