বাঘা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩ পিএম
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের
চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, গত ১৬ সেপ্টেম্বর
পারিবারিক বিরোধের জেরে জহুরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী জুসি খাতুনের কথাকাটাকাটি
হয়। একপর্যায়ে জহুরুল ইসলাম ধারালো বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে
অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে
চারঘাটের রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।